পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম ছোয়ারাব জোমাদ্দার (৫০)। তিনি উপজেলার সোনাখালী এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
ঘটনার বিবরণ
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজসংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ওই মাঠে থাকা নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছামাত্রই বজ্রপাতে তিনি ঝলসে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার
পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতের ঘটনায় ছোয়ারাব নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল; কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান।



