বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন চলাচল বন্ধে জরুরি সতর্কতা জারি করেছে। শনিবার (২৩ মে) বিআরটিএ’র সদর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বেপরোয়া ওভারটেকিং, ওভারলোডিং এবং নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন চালানোর কারণে সড়ক, রেলপথের লেভেল ক্রসিং ও ফেরিঘাটে দুর্ঘটনা বাড়ছে।
দুর্ঘটনার কারণ ও প্রভাব
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিটনেসবিহীন, ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী মোটরযান চলাচলের কারণে যাত্রী, পথচারী, চালক, কন্ডাক্টর ও সুপারভাইজাররা দুর্ঘটনার শিকার হয়ে আহত কিংবা নিহত হচ্ছেন। এসব ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ করা গেলে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি ও দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংস্থাটি মনে করে।
আইনগত ব্যবস্থার সতর্কতা
এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা, বেপরোয়া ওভারটেকিং, ওভারলোডিং ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। না হলে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
যোগাযোগের নম্বর
যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল ফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬ এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



