কুমিল্লার নাঙ্গলকোটে ফারহানা আক্তার মরিয়ম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহিন মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত মরিয়ম দুই সন্তানের জননী। তিনি পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ঘটনাস্থল থেকে মরিয়মের লাশ উদ্ধার করে স্বামী শাহিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পরিবারের অভিযোগ
নিহতের ভাই রবিউল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শাহিন মিয়া মোবাইল ফোনে মরিয়মের মৃত্যুর খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখেন। তাদের দাবি, মরিয়মকে হত্যা করা হয়েছে। পরে তারা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিন মিয়াকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



