খুলনা বন্ধুসভার মে দিবসে শ্রমিকদের ফুল ও খাবার বিতরণ
খুলনা বন্ধুসভার মে দিবসে শ্রমিকদের ফুল ও খাবার

খুলনা বন্ধুসভার উদ্যোগে মহান মে দিবসে শ্রমিকদের ফুলেল শুভেচ্ছা ও খাবার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে খুলনা রেলস্টেশনের শ্রমিকদের মাঝে ফুল ও খাবার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

শ্রমিকদের জীবনযুদ্ধের গল্প

খুলনা রেলস্টেশনের ৫০ বছরের কুলি কাউসার মিয়া দীর্ঘ সময় ধরে এই স্টেশনে কাজ করছেন। রোদ, বৃষ্টি, ক্লান্তি—সবকিছু মেনে নিয়েই তার দিন কাটে। তিনি বলেন, ‘বয়স হইছে, শরীর আর আগের মতো চলে না। তবু থামার উপায় নাই। কাজ না করলে সংসার চলবে কেমনে? ছোটবেলা থেকে কাজ করি, এখনো করি, এইটাই জীবন।’

আরেক শ্রমিক ইসহাক আলী জানান, ‘ভাইজান, আমাদের আয় ইনকাম দিয়ে সংসার ঠিকমতো চলে না। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি। কিন্তু আমাদের আয় বাড়ে নাই। নুন আনতে পান্তা ফুরায় যায়।’ তাঁর এই কথা যেন হাজারো শ্রমজীবী মানুষের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণ

খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘আপনারা যারা প্রতিদিন যাত্রীদের যাত্রাকে সহজতর করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই মে দিবসের শুভেচ্ছা। আপনাদের ঘামের বিনিময়ে গড়ে উঠেছে এই শহর, এই অট্টালিকা। আজকের দিনটি আপনাদেরকে সম্মান জানাতে পেরে সম্মানিত হয়েছি আমরা।’

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি দীপু রায়, সাধারণ সম্পাদক ফারজানা যুথি, দপ্তর সম্পাদক আল রাইসা, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার, বন্ধু সালাউদ্দীন সাবাদ, ছায়িদুল সরদারসহ অনেকে।

শ্রমিকদের প্রতি সম্মান

ঘাম, শক্তি আর অদম্য শ্রমে দাঁড়িয়ে থাকে পৃথিবী, শ্রমিকের হাতেই গড়ে ওঠে সব স্বপ্ন। মে দিবসে সব শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনা রেলস্টেশনে ছুটে যান বন্ধুসভার সদস্যরা। আলাপচারিতার পরে শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ