জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, শ্রমিকদের তুচ্ছার্থে তুই সম্বোধন করা চলবে না। শুক্রবার (১ মে) শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শ্রমিকদের সম্মান নিশ্চিতের আহ্বান
তিনি বলেন, শ্রমিকদের মর্যাদা দিতে হবে। সম্বোধন, আহ্বান ও যে কোনো কথা বলার ক্ষেত্রে সম্মানের সহিত তাদের সঙ্গে কথা বলতে হবে। তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের অধিকার এখনো অর্জিত হয়নি
এনসিপির এই নেতা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমের সঙ্গে যুক্ত। কিন্তু শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি। এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণপোষণ দিতে ব্যর্থ হন।
আখতার হোসেন আরও বলেন, শ্রমিকের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে, তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। তাদেরও শ্রমিকের কাজ ও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিকভাবে তাদের শ্রমের ঘানি তাদেরই টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে উঠে না।
অর্থনীতি লুটপাটের সমালোচনা
বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, যারা অর্থনীতি লুটপাটে জড়িত ছিল, তাদের আবারও একীভূত হওয়া ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ রেখে একটি আইন বাস্তবায়ন করা হয়েছে। যেসব লুটেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তারা মাত্র সাড়ে ৭ শতাংশ অর্থ ফেরত দিলেই ব্যাংকের মালিকানা ফিরে পেতে পারে, এ ধরনের বিধানকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।



