চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব দেওয়া হলেও তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।
প্রস্তাবে কী ঘাটতি?
প্রস্তাবটিতে কী ধরনের ঘাটতি রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা এমন কিছু বিষয় চাইছে যা আমি মেনে নিতে পারি না। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, গত সপ্তাহে পাকিস্তানে তার দূতদের সফর বাতিল করার পর থেকে এখন পর্যন্ত ফোনে আলোচনা অব্যাহত রয়েছে। এ সময় ইরানের নেতৃত্বের ওপর নিজের হতাশা প্রকাশ করে তিনি একে ‘বিভক্ত’ হিসেবে বর্ণনা করেন।
ইরানের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্পের মন্তব্য
ইরানের নেতাদের নিয়ে ট্রাম্প বলেন, এটি অত্যন্ত অগোছালো এক নেতৃত্ব। তারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু তাদের নিজেদের মধ্যেই সব তালগোল পাকিয়ে রয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান।
পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তাদের সর্বশেষ আলোচনার প্রস্তাবের খসড়াটি হস্তান্তর করা হয়। গত সপ্তাহে তেহরানের পক্ষ থেকে একটি অ-পারমাণবিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, যা যুদ্ধ অবসানের পথ দেখাতে পারত। ওই প্রস্তাবে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়। তবে ট্রাম্প ওই প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছিলেন। সূত্র: এপি



