ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলকে (৩০) গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল মণ্ডল ওই গ্রামের ওমর আলী মণ্ডলের ছেলে। তিনি বেশ কয়েক বছর আগে মিমি বেগমকে বিয়ে করেন। ঈদের দিন বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

হত্যাকাণ্ড

ঝগড়ার এক পর্যায়ে রুবেল ধারাল অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং হত্যায় জড়িত স্বামী রুবেল মণ্ডলকে গ্রেফতার করে। পাশাপাশি হত্যায় ব্যবহৃত ধারাল অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহত মিমি বেগমের শরীরে ধারাল অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুবেল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্ত

লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ