সকালে ঘুম থেকে উঠে পানি পান করার অভ্যাস জাপানিদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, চিকিৎসকরাও প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, সারারাত ঘুমানোর পর আমাদের শরীর স্বাভাবিকভাবেই কিছুটা পানিশূন্য হয়ে পড়ে। ফলে দিনের শুরুতেই পানি পান করলে শরীরের কার্যক্ষমতা দ্রুত বাড়াতে সাহায্য করে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে খালি পেটে পানি পান করলে ত্বক ভালো রাখতে সহায়তা করে, গ্যাসের সমস্যা কমায় এবং মাথাব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। তাই সুস্থ থাকতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পানি পান করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
সকালে খালি পেটে পানি পানের উপকারিতা
১. হজম প্রক্রিয়ায় সহায়তা
রাতে ঘুমানোর পরে দীর্ঘসময় হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না। তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি পান করা উচিত।
২. মাথাব্যথা কমায়
ঘুম থেকে ওঠার পর অনেকের মাথাব্যথা করে। মূলত শরীরে পানির মাত্রা কমে যাওয়া এ মাথাব্যথার অন্যতম কারণ। তাই সকালে ঘুম থেকে উঠে যদি আপনি খালি পেটে পানি পান করেন, তাহলে মাথাব্যথা অনেকাংশে কমে যাবে।
৩. ওজন কমাতে সাহায্য করে
ওজন কমানোর জন্যও প্রতিদিন সকালে খালি পেটে পানি পানের অভ্যাস করুন। কেননা যত বেশি পানি পান করবেন, ততই আপনার হজম প্রক্রিয়া ভালো হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।
৪. মলাশয় পরিষ্কার করে
প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে মলাশয় পরিষ্কার হয় এবং শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে।
৫. মাংসপেশি ও কোষ গঠনে সহায়তা
প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
৬. বিভিন্ন অসুখ কমায়
সকালে মাত্র এক গ্লাস পানি আপনার বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, আথ্রাইটিস, মাথাব্যথা ইত্যাদি অসুখ কমাতে সহায়তা করে।
৭. ত্বক উজ্জ্বল করে
সকালে প্রতিদিন খালি পেটে পানি পান করলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়।
সুতরাং, স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য সকালে খালি পেটে পানি পান একটি সহজ ও কার্যকর অভ্যাস। এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে শরীর ও ত্বকের জন্য অনেক উপকার বয়ে আনে।



