কাঁচা আমের বোবা ড্রিংকস
গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণা মেটাতে বাজারে নানা রকমের ঠান্ডা পানীয় পাওয়া যায়। তবে ঘরেই যদি তৈরি করতে পারেন টেস্টি আর হেলদি কাঁচা আমের বোবা ড্রিংকস, তাহলে তো কথাই নেই। এই পানীয়টি যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।
উপকরণ
- কাঁচা আম: ৩ টি
- চিনি: ৩-৪ টেবিল চামচ
- সাবুর গুঁড়া: ১ কাপ
- বিটলবণ: আধা চা-চামচ
- পুদিনাপাতা কুচি: ১ চা-চামচ
- বরফকুচি: পছন্দমতো
- ভ্যানিলা আইসক্রিম: ২ কাপ (বিকল্প পদ্ধতিতে)
প্রণালি
প্রথমে সাবু ব্লেন্ডারে গুঁড়া করে নিন। কাঁচা আম টুকরা করে অল্প পানিতে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা আম ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার ২ টেবিল চামচ ব্লেন্ড করা আমের মণ্ড, সাবুর গুঁড়া ও সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি রুটির মতো ডো তৈরি করে ছোট ছোট বল বানান। বলগুলো ফুটন্ত পানিতে ২-৩ মিনিট সেদ্ধ করে পানি থেকে তুলে নিন।
এবার কাঁচা আমের বাকি মণ্ডের সঙ্গে পরিমাণমতো খাওয়ার পানি, চিনি, বিটলবণ ও পুদিনাপাতা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। এক গ্লাসে কাঁচা আমের বল ও বরফকুচি দিন। তার ওপর ব্লেন্ড করা শরবত ঢেলে পরিবেশন করুন।
বিকল্প পদ্ধতি
চাইলে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে আমের মণ্ড মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সেই মিশ্রণ আমের বলের সঙ্গে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এতে পানীয়টি আরও ক্রিমি ও মজাদার হবে।
টিপস: আম সেদ্ধ করার সময় খুব বেশি পানি দেবেন না, যাতে আমের স্বাদ নষ্ট না হয়। চিনির পরিমাণ আপনার পছন্দমতো বাড়াতে বা কমাতে পারেন।



