রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে মঞ্জু হালদারের জালে ধরা পড়েছে ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। মাছটি ৬ হাজার ৬শ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালের দিকে পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
জেলের বর্ণনা
স্থানীয় জেলে মঞ্জু হালদার জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে বসে থাকি। সকাল সাড়ে ৬টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখি একটি ইলিশ মাছ ধরা পড়েছে।
বিক্রির বিবরণ
সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনুখাঁর আড়তে মাছটি নিয়ে গেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৫ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি মোট ৬ হাজার ৬শ টাকা দিয়ে কিনে নিয়েছেন।
এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, সকাল ৭টার দিকে মাছটি ৫ হাজার ৫শ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৬শ টাকায় দৌলতদিয়া মাছ বাজারের আনুখাঁর আড়ত থেকে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দিয়েছি।
পদ্মা নদীতে এমন বড় মাছ খুব একটা পাওয়া যায় না বলে জানান এই মাছ ব্যবসায়ী।



