বাজারে এখন লিচুর মৌসুম। পাকা লিচু উঠতে শুরু করেছে। কিন্তু অনেকেই পাকা ও মিষ্টি লিচু চিনতে পারেন না। কিছু সহজ কৌশল জানা থাকলে আপনিও সহজেই পাকা ও মিষ্টি লিচু কিনে খেতে পারবেন।
লিচুর খোসার রঙ দেখে নিন
বিভিন্ন জাতের লিচু বিভিন্ন রঙের হয়। লাল, কমলা কিংবা হালকা বাদামি রঙের লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে। তাই লিচু কেনার সময় খোসার রঙ লক্ষ্য রাখুন। ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়। বেশি নরম লিচু কিনবেন না, কারণ সেগুলো বেশি পাকা এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
মিষ্টি ও রসালো লিচু চেনার উপায়
মিষ্টি ও রসালো লিচু চেনার সবচেয়ে সহজ উপায় হলো খোসার রঙ, আকার ও গন্ধ পরীক্ষা করা। গাঢ় লাল রঙের, মাঝারি আকৃতির (প্রায় ১ ইঞ্চি) ও সতেজ বোঁটার লিচু সাধারণত পাকা ও মিষ্টি হয়। খোসায় কালচে দাগ থাকলে বা গন্ধ টক হলে তা কেনা থেকে বিরত থাকুন।
গন্ধ পরীক্ষা করুন
পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই সেই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচুতে মিষ্টি গন্ধ থাকে না। অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রঙ দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। যদি রঙ বের হয়, তবে বুঝবেন সেটি কাঁচা লিচু।
খোসা ছাড়িয়ে দেখুন
লিচু ভালো কিনা তা পরীক্ষা করতে খোসা ছাড়িয়ে দেখুন। যদি খোসা সহজেই খুলে আসে, তাহলে সেটি পাকা ও মিষ্টি। আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় বা ভেতরের অংশে বাদামি দাগ থাকে, তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে।
বোঁটা ও আকৃতি লক্ষ্য করুন
বোঁটার অংশ দেখে নিন। বোঁটা যদি তাজা ও সবুজ থাকে, তবে বুঝবেন লিচুটি গাছ থেকে সদ্য পাড়া হয়েছে। বোঁটার কাছে পচন ধরা লিচু কেনা উচিত নয়। খুব ছোট বা অতিরিক্ত বড় না কিনে মাঝারি ও গোলাকার আকৃতির লিচু বেছে নিন। গোলাকার লিচু সাধারণত বেশি মিষ্টি ও রসালো হয়।
লিচুর মুখ পচা হলে কিনবেন না
লিচুর মুখ পচা থাকলে তা কখনো কিনবেন না। এমন লিচুর ভেতরেও নষ্ট থাকে। তাই ডালযুক্ত লিচু কিনুন। লিচু খুব দ্রুত পাকে, তাই পাকার আগেই লিচু সংরক্ষণ করা হয়। যদি আধাপাকা লিচু কিনে আনেন, তাহলে ফ্রিজে যথাযথভাবে সংরক্ষণ করলে ২-৩ দিনের মধ্যেই পেকে যাবে।
সতর্কতা
ভুলেও কখনো লিচুর বীজ খাবেন না। এতে বিষাক্ত উপাদান থাকে। এই বীজ খেলে পেটে নানা সমস্যা হতে পারে।



