গরম পড়লে অনেকেরই ক্ষুধা কমে যায়। দুপুরে খেতে ইচ্ছে করে না, ভারি খাবার দেখলেই অরুচি লাগে। কারণ গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে মস্তিষ্ক নিজে থেকেই ক্ষুধা কিছুটা কমিয়ে দেয়, যা অত্যন্ত স্বাভাবিক। তবে এ ক্ষুধামন্দা যদি দীর্ঘস্থায়ী হয় এবং এর সঙ্গে নির্দিষ্ট কিছু উপসর্গ দেখা দেয়, তবে তা আপনার শরীরের গুরুতর কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।
গরমে ক্ষুধা কমার স্বাভাবিক কারণ
গরমে শরীরের কাজ করার ধরন বদলে যায়। বাইরে তাপমাত্রা বেশি থাকলে শরীর নিজেকে ঠান্ডা রাখতে বেশি শক্তি খরচ করে। ফলে হজমের প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায় এবং খুব বেশি ক্ষুধা পায় না। বিশেষ করে তেল-মসলাযুক্ত কিংবা ভারি খাবার তখন অস্বস্তিকর লাগে। এর বদলে ফল, দই, সালাদ, লেবুর পানি কিংবা হালকা খাবার খেতে বেশি ভালো লাগে, যা একেবারেই স্বাভাবিক ঘটনা।
আরেকটি বড় কারণ হলো ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতি। গরমে আমরা বেশি ঘামি, ফলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। এতে ক্ষুধা কমে যেতে পারে, শরীর দুর্বল লাগে এবং মাথা ঘোরার মতো সমস্যাও হতে পারে। তাই এ সময় নিয়মিত পানি খাওয়া খুব জরুরি।
কখন সতর্ক হওয়া দরকার?
তবে ক্ষুধা কমে যাওয়া যদি কয়েক দিনের বেশি স্থায়ী হয়, তখন একটু সাবধান হওয়া উচিত। বিশেষ করে যদি এর সঙ্গে কিছু লক্ষণ দেখা যায়, যেমন হঠাৎ ওজন কমে যাওয়া, বারবার বমি হওয়া, পেট খারাপ, জ্বর, খুব ক্লান্ত লাগা কিংবা একেবারেই খেতে ইচ্ছে না করা। এসব ক্ষেত্রে শুধু গরমের জন্য হচ্ছে ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। এর পেছনে সংক্রমণ, হজমের সমস্যা কিংবা অন্য কোনো অসুখ থাকতে পারে।
প্রতিকার ও পরামর্শ
এ সমস্যা এড়াতে কিছু সহজ নিয়ম মেনে চলা উচিত। যেমন একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া, বেশি করে পানি ও তরল খাবার নেওয়া, হালকা এবং সহজপাচ্য খাবার বেছে নেওয়া। এর পাশাপাশি খুব বেশি রোদে না বেরোনো এবং শরীর ঠান্ডা রাখার চেষ্টা করাও জরুরি।
গরমে ক্ষুধা কমে যাওয়া বেশিরভাগ সময়ই স্বাভাবিক। কিন্তু যদি তা দীর্ঘদিন থাকে বা শরীরে অন্য সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।



