ফ্যাশন ও বিলাসিতায় সবাইকে ছাড়িয়ে যান আম্বানি পরিবারের সদস্যরা। এবার ভেনিসে কতুর শাড়ি ফ্যাশনে মেতে উঠেছেন নিতা আম্বানি, তাঁর মেয়ে ইশা ও পুত্রবধূ রাধিকা। বিখ্যাত আর্ট এক্সিবিশন ভেনিস বিয়েনালে-তে ভারতীয় প্যাভিলিয়ন সামলাতে গিয়ে গন্ডোলার শহরকে রাঙিয়েছেন তাঁদের পোশাকে।
নিতা আম্বানির প্যাস্টেল আইস ব্লু শাড়ি
নিতা আম্বানি পরেছেন কাস্টম অনামিকা খান্না শাড়ি। প্যাস্টেল আইস ব্লু শাড়ির সঙ্গে প্যাস্টেল মভ লেইস ব্লাউজ, যাতে এম্ব্রয়ডারি করা। কাশ্মীরি শালেও একই রঙের ছোঁয়া। সঙ্গে ওয়ালেস চেনের লম্বা ঝোলানো দুল।
রাধিকা আম্বানির আইস ব্লু জিভঁশি শাড়ি গাউন
ব্রেকফাস্ট অ্যাট টিফানির অনুপ্রেরণায় তৈরি রাধিকার আইস ব্লু জিভঁশি শাড়ি গাউন। নজর কাড়ছে ড্রামাটিক ট্রেনের মতো আঁচল। ম্যাচিং গ্লাভস লুকে ড্রামা যোগ করেছে। ওয়ান শোল্ডার গাউনের আরেক কাঁধে আঁচল ড্রেপ করা। বর্ডারে নজরকাড়া কারুকাজ। পনিটেইল, বড় দুল ও আর্মলেটে সাজ সেরেছেন হালকা মেকওভারে।
ইশা আম্বানির ভিনটেজ শ্যানেল ওত কতুর শাড়ি গাউন
ইশা আম্বানি পরেছেন ভিনটেজ শ্যানেল ওত কতুর শাড়ি গাউন। ওয়ান শোল্ডার রেড ওয়াইন গাউনটি শ্যানেলের ১৯৮৯ স্প্রিং সামার কালেকশন থেকে নেওয়া। বর্ডার ও বেল্টের জায়গায় নজরকাড়া এমবেলিশমেন্ট। ইশার সঙ্গে দেখা গেল মা নিতা আম্বানিকে সোনালি বেনারসি ব্রোকেডে। সঙ্গে পরেছেন মনীশ মালহোত্রার শ্যান্টিলি সোনালি ব্লাউজ।



