ফ্যাশন দুনিয়ায় ফিউশন স্টাইল বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করে। আর এখন ওয়েস্টার্ন ও এথনিক ফ্যাশনের এই মিশেল যেন নতুন করে ট্রেন্ডে পরিণত হয়েছে। টালি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সাম্প্রতিক লুকেও দেখা গেল এমনই এক ঝলক। রইল বিস্তারিত...
ক্যাজুয়াল ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে এথনিক গ্ল্যাম
স্বস্তিকার এই লুকে ক্যাজুয়াল ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে অনায়াসে মিশে গেছে ঐতিহ্যবাহী এথনিক গ্ল্যাম। তাঁর পরনে ওভারসাইজড নীল ডেনিম জ্যাকেট ও ডেনিম প্লিটেড মিনি স্কার্ট। ঢিলেঢালা জ্যাকেটটি পুরো লুকে এনে দিয়েছে বোল্ড ও রিল্যাক্সড ভাইব। ডেনিম অন ডেনিম এই কম্বিনেশনটি দেখতে যেমন ট্রেন্ডি, তেমনি আধুনিক ফ্যাশনেরও একটি জনপ্রিয় স্টেটমেন্ট।
গয়নার ব্যবহারে নজরকাড়া মাত্রা
তবে তাঁর পুরো স্টাইলিংয়ের সবচেয়ে নজরকাড়া দিক কিন্তু গয়নার ব্যবহার। সাধারণত ডেনিমের সঙ্গে মিনিমাল অ্যাকসেসরিজই বেশি দেখা যায়, কিন্তু স্বস্তিকা সেখানে বেছে নিয়েছেন ভারী সোনালি ঝুমকা, মাল্টি লেয়ারের চুড়ি আর ব্রেসলেট। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এথনিক গয়নার এই বিপরীতধর্মী ছোঁয়াই লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা।
হেয়ারস্টাইল ও মেকআপ
হেয়ারস্টাইল ও মেকআপও সমান আকর্ষণীয়। চুল শক্ত করে টেনে করা নিট বান, চোখে ড্রামাটিক কাজল এবং গ্লসি লিপ কালার পুরো লুকের গ্ল্যামার আরও বাড়িয়ে তুলেছে। স্বস্তিকার এই স্টাইল আবারও প্রমাণ করল, ফ্যাশনে এখন আর কোনো বাঁধাধরা নিয়ম নেই। সঠিক স্টাইলিং আর আত্মবিশ্বাস থাকলে সাধারণ ডেনিমও হয়ে উঠতে পারে একেবারে হাই-ফ্যাশন স্টেটমেন্ট।



