কান উৎসবে জর্জিনার গুচির ভিন্টেজ লুক ও চোপার্ডের গয়না
কান উৎসবে জর্জিনার গুচির ভিন্টেজ লুক ও চোপার্ডের গয়না

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন জর্জিনা রদ্রিগেজ। ১৭ মে পর্যন্ত চলা এই উৎসবে ‘ক্যারিং উইমেন ইন মোশন’ ডিনার পার্টিতে তিনি হাজির হয়েছিলেন গুচির পুরোনো দিনের পোশাক পরে। পোশাকটি ছিল ডিজাইনার টম ফোর্ডের সময়ের। নীল সাটিনের শার্ট ও কালো প্যান্টটি গুচির ১৯৯৫ সালের শরৎকালীন সংগ্রহ থেকে নেওয়া। নীল সাটিনের খোলা শার্টের নিচে ছিল কালো লেইসের অন্তর্বাস। একই পোশাক ১৯৯৫ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে পরেছিলেন পপতারকা ম্যাডোনা। তবে জর্জিনা পুরোনো সাজে এনেছেন নতুন লুক। সব ছাপিয়ে নজর কাড়ে তাঁর সাদা রঙের পরচুলা। এই নাটকীয় লুকের কারণে অনেকেই প্রথম দেখায় তাঁকে মনে করেছেন কিম কার্ডাশিয়ান।

লালগালিচায় আভিজাত্যপূর্ণ সাজ

১৮ মে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হন জর্জিনা। ফ্রান্সের ‘পালেস দে ফেস্টিভ্যাল’-এর লালগালিচায় হাঁটার সময় তাঁকে দেখা যায় আত্মবিশ্বাসী ও আভিজাত্যপূর্ণ সাজে। ৩২ বছর বয়সী এই মডেল ও উদ্যোক্তা ‘ফিয়র্ড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে এসেছিলেন। পরেছিলেন হালকা বেগুনি রঙের কাঁধখোলা লম্বা গাউন। পোশাকজুড়ে ছিল লেইসের কাজ। পুরো সাজে এনে দিয়েছে রোমান্টিক ও পুরোনো দিনের ছোঁয়া। গাউনের ওপরের অংশ করসেটের মতো করে তৈরি করা। নিচের অংশে স্বচ্ছ লেইসের স্কার্ট।

গয়নার জাঁকজমক

তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল গলার হার। বিলাসবহুল সুইস গয়নার প্রতিষ্ঠান চোপার্ডের তৈরি এই হারে আছে ১৫২টি পান্না। চোপার্ডের তথ্য অনুযায়ী, জর্জিনা ৩০০ ক্যারেটের বেশি পান্না ও হীরার গয়না পরেছিলেন। এতে আছে বড় একটি পান্না, যেটির ওজন ১৩ দশমিক ৮৬ ক্যারেট। হাতে সাদা সোনার ঘড়ি, যেটায় ছিল ৪৬ দশমিক ৩ ক্যারেটের হীরা। গয়না ও ঘড়ি—দুটিই এই প্রতিষ্ঠানের ২০২৬ সালের ‘রেড কার্পেট’ সংগ্রহের অংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুলে পুরোনো হলিউড ধাঁচের ঢেউখেলানো সাজ। মেকআপও ছিল পরিমিত। জর্জিনার এই লুক ফ্যাশনপ্রেমীদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ