বর্তমান চাকরির বাজারে শুধু একটি প্রথাগত বা ট্র্যাডিশনাল সিভিই যথেষ্ট নয়। পেশাদার যোগাযোগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘লিঙ্কডইন’-এ আপনার প্রোফাইলটি কেমন, তার ওপর অনেকখানি নির্ভর করে আপনার ক্যারিয়ারের ভবিষ্যৎ। তবে অনেকেই জানেন না যে নিজের তৈরি করা পিডিএফ বা ওয়ার্ড ফাইলের সিভিটি কীভাবে স্মার্ট উপায়ে লিঙ্কডইন প্রোফাইলে ব্যবহার করা যায়, যাতে নিয়োগকর্তারা সহজেই আপনার দিকে আকৃষ্ট হন। সিভি ও লিঙ্কডইন প্রোফাইলকে আরও স্মার্ট ও পেশাদার করার একটি সহজ নির্দেশিকা নিচে দেওয়া হলো।
‘ফিচার্ড’ সেকশনে সিভি যুক্ত করুন
আপনার লিঙ্কডইন প্রোফাইলের সবচেয়ে দৃশ্যমান অংশগুলোর একটি হলো ‘ফিচার্ড’ সেকশন। এখানে আপনার সিভি যুক্ত করলে যে কেউ প্রোফাইলে ঢোকার শুরুতেই তা দেখতে পাবেন।
যেভাবে করবেন: প্রোফাইলের ‘Add profile section’-এ যান, সেখান থেকে ‘Recommended’ এবং তারপর ‘Add featured’-এ ক্লিক করুন। এবার প্লাস (+) চিহ্নে ক্লিক করে ‘Add media’ দিয়ে আপনার আপডেটেড সিভির পিডিএফ ফাইলটি আপলোড করে দিন।
টিপস: সিভির ফাইলের নাম শুধু ‘CV’ না লিখে ‘Your Name_CV_JobTitle’ (যেমন: Rahim_Ahmed_Software_Engineer_CV) এভাবে লিখুন। এতে রিক্রুটারের ডাউনলোড করার পর ফাইলটি খুঁজে পেতে সুবিধা হয়।
জব অ্যাপ্লিকেশনের জন্য ‘রেজুম বিল্ডার’ ব্যবহার করুন
চাকরিতে আবেদনের সময় বারবার সিভি আপলোড করার ঝামেলা এড়াতে লিঙ্কডইনের নিজস্ব ‘Application Settings’ ব্যবহার করুন।
যেভাবে করবেন: লিঙ্কডইনের সিটিংসে গিয়ে ‘Data privacy’ এবং সেখান থেকে ‘Job application settings’-এ যান। এখানে আপনার সিভিটি আপলোড করে রাখুন। এর সুবিধা হলো, যেকোনও জবে ‘Easy Apply’ করার সময় আপনার সিভিটি স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে।
সিভির তথ্যের সঙ্গে প্রোফাইলের সামঞ্জস্য রাখুন
অনেকে সিভিতে এক রকম তথ্য দেন, আর লিঙ্কডইন প্রোফাইলে থাকে অন্য তথ্য। এই ভুলটি করা যাবে না। আপনার সিভিতে থাকা কাজের সময়সীমা, পদবি এবং প্রতিষ্ঠানের নামের সঙ্গে যেন লিঙ্কডইনের ‘অভিজ্ঞতা’ সেকশনের শতভাগ মিল থাকে। অমিল থাকলে নিয়োগকর্তারা আপনার সততা বা পেশাদারত্ব নিয়ে সন্দিহান হতে পারেন।
সিভি ও প্রোফাইলে ‘কি-ওয়ার্ড’ ব্যবহার করুন
আজকাল বড় বড় প্রতিষ্ঠানগুলো সিভি বাছাইয়ের জন্য এআই বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করেন। আপনি যে ধরনের চাকরি খুঁজছেন, সেই সেক্টরের জনপ্রিয় কিছু ‘কি-ওয়ার্ড’ আপনার সিভিতে রাখুন। ঠিক একই কি-ওয়ার্ডগুলো আপনার লিঙ্কডইনের ‘Headline’ এবং ‘About’ বা সামারি সেকশনে ব্যবহার করুন। এতে সার্চ রেজাল্টে আপনার প্রোফাইল সবার ওপরে আসার সম্ভাবনা বাড়বে।
আপনার সিভিতে কখনোই আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানা, রক্তের গ্রুপ, কিংবা বাবা-মায়ের নাম দেওয়ার প্রয়োজন নেই। আধুনিক সিভিতে শুধু আপনার নাম, প্রফেশনাল ইমেইল, ফোন নম্বর এবং লিঙ্কডইন প্রোফাইলের হাইপারলিংক যুক্ত রাখাই যথেষ্ট।
আপনার লিঙ্কডইন প্রোফাইলটি হলো একটি জীবন্ত সিভি। তাই প্রথাগত কাগজের সিভির ফাইলটি প্রোফাইলের সঠিক জায়গায় প্রদর্শন করে নিজেকে সমসাময়িক ও ডিজিটাল যুগের একজন স্মার্ট চাকরিপ্রার্থী হিসেবে উপস্থাপন করুন।



