সারা ব্লেকলি সম্প্রতি তার নিজের বিশ্ববিদ্যালয় ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। গত ১৫ বছরে অনেকবার সমাবর্তন বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেও তিনি কখনো রাজি হননি। তিনি মনে করতেন, যদি কখনো সমাবর্তন বক্তৃতা দেন, সেটা হবে শুধু তার নিজের বিশ্ববিদ্যালয়ে। ৩৩ বছর আগে ১৯৯৩ সালে তিনি যখন ছাত্র হিসেবে সেখানে বসেছিলেন, তখনকার অনুভূতি তার এখনো স্পষ্ট। তিনি বলেন, তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবী পুরোপুরি বদলে গেছে। তখন স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না। তিনি মজা করে বলেন, তখন কেউ যদি কোনো কিছু ভাইরাল হতো, তাহলে সবাই অ্যান্টিবায়োটিক খুঁজত।
শুরুর দিনগুলো
ব্লেকলি তার শুরুর দিনগুলোর কথা স্মরণ করে বলেন, তার বাবা ছিলেন আইনজীবী। ছোটবেলা থেকে তিনিও আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু এলস্যাট পরীক্ষায় তিনি একবার নয়, দুবার ফেল করেছিলেন। একবার তিনি একটি চাকরি মেলায় গিয়েছিলেন, সেদিনই প্রথমবারের মতো স্যুট পরেছিলেন। ২০টি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পর সব কটিই তাকে প্রত্যাখ্যান করেছিল। তবে পরে সেটা তার জন্য ভালোই হয়েছিল, কারণ তখন বুলউইঙ্কলসের একটি অফার চলছিল, যেখানে কেউ প্রত্যাখ্যানপত্র নিয়ে গেলে বিনা মূল্যে পানীয় দেওয়া হতো। তিনি সেই সুযোগটি কাজে লাগিয়েছিলেন।
একটি ইন্টারভিউয়ের কথা বিশেষভাবে মনে পড়ে তার। ওরা বারবার জিজ্ঞেস করছিল, তোমার কী অভিজ্ঞতা আছে? তিনি বলেছিলেন, আমি তো শিক্ষার্থী, কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা পাওয়ার জন্যই তো চাকরি খুঁজছি। যদি কেউ সুযোগই না দেয়, তাহলে অভিজ্ঞতা পাব কী করে!
ডিজনি ওয়ার্ল্ডের অভিজ্ঞতা
কোথাও কাজ না পেয়ে তিনি ডিজনি ওয়ার্ল্ডে গিয়ে গুফি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, গুফি হতে হলে অন্তত ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা দরকার, আর তার উচ্চতা ছিল ৫ ফুট ৬ ইঞ্চি। কদিন পর দেখা গেল, কলেজের ডিগ্রি পকেটে ভরে তিনি ডিজনিতে বাদামি পলিয়েস্টারের পোশাক পরে মানুষকে রাইডে উঠতে সাহায্য করছেন। বন্ধুরা কেউ দেখে ফেললে বলতেন, আরে, ব্লেকলি না? তিনি নাম লেখা ট্যাগটা এক হাতে ঢেকে বলতেন, না। জলদি… রাইডে উঠে পড়ো।
তিন মাস পর তিনি ডিজনির চাকরিটি ছেড়ে দেন। এরপর টানা সাত বছর বাড়ি বাড়ি গিয়ে ফ্যাক্স মেশিন বিক্রির কাজ করেছেন। তিনি বলেন, সেটা ছিল ভয়ংকর কঠিন এক সময়। সাত বছরে একের পর এক বাড়ির দরজা তার মুখের ওপর বন্ধ হয়েছে, আর বারবার একটা কথাই শুনেছেন—না। তখন বন্ধুরা সবাই আইনজীবী হচ্ছে, ডাক্তার হচ্ছে, করপোরেট চাকরিতে পদোন্নতি পাচ্ছে। আর তিনি হোন্ডা গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে ফ্যাক্স মেশিন বিক্রি করছেন।
একদিনের ঘটনা
একদিন ভীষণ ক্লান্তিকর দিনের শেষে তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে চিৎকার করে বলেছিলেন, আমি একটা ভুল সিনেমায় ঢুকে পড়েছি। পরিচালককে ডাকো, প্রযোজককে ডাকো! কাট! এই জীবন আমার না!
বছর দুই পর তিনি স্প্যানক্স নামে একটি কোম্পানি শুরু করেন। সময়ের সঙ্গে সেই কোম্পানিতে এক হাজারের বেশি মানুষের চাকরি হয়েছে। এক বিলিয়নের বেশি মুনাফা এসেছে। এমন শত শত পণ্য তৈরি হয়েছে, যা নারীদের জীবন বদলে দেয়। ২০২১ সালে তিনি কোম্পানিটি বিক্রি করে দেন। তিনি ছিলেন একমাত্র প্রতিষ্ঠাতা, তার সঙ্গে আর কোনো বিনিয়োগকারী ছিল না।
বাবার দেওয়া শিক্ষা
যখন পেছনে ফিরে তাকান, তিনি বুঝতে পারেন, নিজের জন্য একটি বড় বিনিয়োগ তিনি জীবনের শুরুতেই করেছিলেন। যখন তার বয়স ১৬, হাইস্কুলে পড়েন, তখন মা-বাবার বিচ্ছেদ হয়। সেই সময় একদিন তার ঘরে এসে বাবা অনেকগুলো ক্যাসেট টেপ দিয়েছিলেন। ড. ওয়েইন ডায়ারের হাউ টু বি আ নো-লিমিট পারসন। দিয়ে বলেছিলেন, মা রে, আফসোস, এই কথাগুলো যদি ৪০ বছর বয়সে না শুনে তোমার বয়সে শুনতাম! এর পরপরই বাবা বাসা ছেড়ে চলে যান।
সেদিনই ঘরের বুমবক্সে ক্যাসেটগুলো চালিয়ে দেন তিনি। একজন মানুষের কণ্ঠ শুনলেন, যিনি বলছিলেন নিজের চিন্তার শক্তির কথা; তিনি যে ভবিষ্যৎটা চান, সেটা কল্পনা করার কথা; ব্যর্থতাকে ভয় না পাওয়ার কথা; অন্য মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাতে গুরুত্ব না দেওয়ার কথা; যদিও ১৬ বছর বয়সে আমরা মূলত সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই।
তিনি তখন ক্লিয়ারওয়াটার হাইস্কুলে পড়েন। গাড়ি চালাতে চালাতে সব সময় টেপগুলো শুনতেন। এত বেশি শুনেছিলেন যে ১০টি টেপই পুরো মুখস্থ হয়ে গিয়েছিল। তবে এর একটি পার্শ্বপ্রতিক্রিয়াও ছিল—পার্টি শেষে কেউই তার গাড়িতে উঠতে চাইত না। কারণ, সবার পছন্দ ছিল বোন জোভি আর ম্যাডোনার গান। অথচ তার গাড়িতে উঠলেই শোনা যেত, তুমি আদতে তোমার জীবন নিয়ে কী চাও?
শিক্ষার্থীদের প্রতি বার্তা
২০ বছর পর যখন ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেলেন, ক্লিয়ারওয়াটার স্কুলের বন্ধুরা মেসেজ পাঠিয়েছিল, মনে হচ্ছে, তোমার গাড়িতে চড়ে ওই ভ্যাজর ভ্যাজরটাই শোনা উচিত ছিল।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরও শোনা উচিত। তোমরা চাইলে নিজের জীবন-সিনেমার দর্শক হয়ে থাকতে পারো, চাইলে নিজেই গল্পটা বদলে দিতেও পারো। চাইলে কাজে ঝাঁপিয়ে পড়তে পারো, অথবা সেই মানুষদের দলে ভিড়তে পারো, যাঁরা শুধু অপেক্ষা করে। তুমি তোমার চিন্তার যাত্রী হয়ে থাকতে পারো, আবার সেই চিন্তার চালকও হতে পারো।
আমি চালক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ডায়েরি লিখতাম, ভাবার জন্য আলাদা সময় রাখতাম। নিজেকে কঠিন প্রশ্ন করতাম। আর এমন কাজ করার চেষ্টা করতাম, যেগুলো আমাকে ভয় পাইয়ে দেয়। তুমি যখন তোমার চিন্তার চালকের আসনে বসবে, লোকে কী বলছে, সেটা আর তোমার মাথাব্যথার কারণ হবে না। বরং নিজের ওপর একটা অন্য রকম বিশ্বাস তৈরি হবে—আমি যেকোনো কিছু পারব। নকল করা মানুষের ভিড়ে আলাদা হও। সত্যিকার পরিবর্তন আসবে তখনই, যখন কেউ ভিন্নভাবে একটি কিছু করবে।



