মা দিবসে আনিসুল হকের ‘মা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ময়মনসিংহে
মা দিবসে আনিসুল হকের ‘মা’ উপন্যাস নিয়ে পাঠচক্র

মা দিবস উপলক্ষে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের কালজয়ী উপন্যাস ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ১০ মে সকালে প্রথম আলো ময়মনসিংহ আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রের সূচনা ও সঞ্চালনা

জাতীয় সংগীতের চার লাইন গাওয়ার মাধ্যমে বন্ধুরা পাঠচক্রের সূচনা করেন। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ খালিদ হাসান।

পাঠ আলোচনা

পাঠ আলোচনায় সহসাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন বলেন, ‘আনিসুল হকের “মা” বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাস্তব কাহিনি অবলম্বনে রচিত একটি উপন্যাস। একজন আদর্শবান ও ইস্পাতদৃঢ় আত্মমর্যাদাবান মাকে কেন্দ্র করে এ উপন্যাস পরিণতি লাভ করেছে। আর সেই মা হলেন রত্নগর্ভা শহীদ আজাদের মা। আমাদের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য মর্মস্পর্শী, হৃদয়বিদারক ঘটনা রচিত হয়েছে। তেমনই একটি ঘটনা হচ্ছে শহীদ আজাদ ও তার মায়ের ঘটনা।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধু রুপা চন্দ্র বলেন, ‘মা’ বইটি পড়ে চোখের পানি ঝরেনি এমন কম পাঠক পাওয়া যাবে। নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু জমা হওয়ার মতো অনুভূতিময় উপন্যাস এটি।

কার্যনির্বাহী সদস্য সরকার সাদমান বলেন, কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্যের এক অমর উপন্যাস।

উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুধু মা দিবসেই মাকে স্মরণ করলে হবে না। সামগ্রিক সব অবস্থায় মায়ের সেবায় নিয়োজিত থাকতে হবে; তবেই আমরা প্রকৃত মানুষ হব।’

শেষে বিশেষ আয়োজন

শেষে উপস্থিত বন্ধুদের প্রত্যেকের মাকে ফোনকলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তৃণা কবির, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফারদিন হাসান ও বন্ধু রিয়াজুল ইসলাম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ