ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথা ‘নোবডি’স গার্ল’ ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডসে ‘বুক অব দ্য ইয়ার’
জিউফ্রের স্মৃতিকথা ‘নোবডি’স গার্ল’ ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডসে সেরা বই

শিশু যৌন নিপীড়নকারী হিসেবে কুখ্যাত জেফরি এপস্টিনের বিরুদ্ধে অভিযোগকারীদের অন্যতম একজন ভার্জিনিয়া জিউফ্রে। তাঁর মৃত্যুর ছয় মাস পর প্রকাশিত হয় স্মৃতিকথা ‘নোবডি’স গার্ল’। স্মৃতিকথাটি তিনি ও অ্যামি ওয়ালেস যৌথভাবে লিখেছিলেন। বইটিতে এপস্টিন ও তাঁর সাবেক সঙ্গী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেছেন জিউফ্রে।

১১ মে লন্ডনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বইটিকে ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডসের ‘বুক অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। প্রয়াত জিউফ্রের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আমান্ডা রবার্টস। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একজন বেঁচে ফেরা মানুষকে কথা বলার সুযোগ দিলে বোঝা যায় সেই কণ্ঠ কত শক্তিশালী হতে পারে। এ বই তারই প্রমাণ।’

জিউফ্রের ভাই স্কাই রবার্টস বলেন, ‘তাঁর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি।’ সহলেখক অ্যামি ওয়ালেস বলেন, ‘এ বইয়ে জিউফ্রের সঙ্গে কাজ করা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বইটিতে প্রিন্স অ্যান্ড্রু সম্পর্কে জিউফ্রের আনা অভিযোগের কথাও আছে। গত অক্টোবরে স্মৃতিকথাটি প্রকাশের পর প্রিন্স অ্যান্ড্রুর ওপর চাপ আরও বাড়ে। পরে তাঁর রাজকীয় উপাধি ও সম্মাননা প্রত্যাহার করা হয়।

একই অনুষ্ঠানে ‘নন-ফিকশন ন্যারেটিভ বুক অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছে ‘নোবডি’স গার্ল’। অন্যান্য পুরস্কারের মধ্যে এমিলি হেনরি তাঁর ‘গ্রেট বিগ বিউটিফুল লাইফ’ বইয়ের জন্য প্রথম ‘রোমান্টিক ফিকশন বুক অব দ্য ইয়ার’ জিতেছেন। জেমি স্মার্ট তাঁর ‘বানি ভার্সেস মানকি: ইন্টারগ্যালাকটিক’ বইয়ের জন্য প্রথম ‘গ্রাফিক নভেল বুক অব দ্য ইয়ার’ জিতেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ