বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন পরিমল দাস (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার রহমতপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
দাম্পত্য কলহের সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে উত্তর রহমতপুর গ্রামের আশিক দাসের ছেলে পরিমল দাসের সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের সুশান্ত দাসের মেয়ে দীপা দাসের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। তবে পরবর্তী সময়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
পরিমলের অভিযোগ
পরিমল দাস জানান, তার স্ত্রীর চলাফেরা বেপরোয়া ছিল এবং তিনি পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এ নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত। দুই-তিন বছর আগে স্ত্রী তাকে তার বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে পরিমলকে প্রায়ই নির্যাতন করা হতো। পরে তিনি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসেন। তিনি আরও বলেন, স্ত্রীর এমন আচরণ তিনি মেনে নিতে পারেননি। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রহমতপুর ইউনিয়ন পরিষদ ও ব্র্যাক সংস্থায় অভিযোগ দায়ের করলে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর ক্ষিপ্ত হন।
ডিভোর্স ও দুধ দিয়ে গোসল
একপর্যায়ে স্ত্রীপক্ষ সম্পর্ক ছিন্ন করার জন্য গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স দেন। ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বিকালে পরিমল দুধ দিয়ে গোসল করেন। তিনি বলেন, 'উক্ত ডিভোর্সের কাগজ গতকাল বৃহস্পতিবার বিকালে হাতে পাওয়ার পর আমি দুধে দিয়ে গোসল করি।'
স্থানীয় প্রতিক্রিয়া
রহমতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য জিয়াদুল বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।



