ইনডোর প্লান্ট বা ঘরের গাছ আধুনিক অন্দরসজ্জার একটি অপরিহার্য অংশ। শুধু সৌন্দর্য বা রুচির বহিঃপ্রকাশ নয়, এই গাছপালা ঘরের বাতাস দূষণমুক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রশ্ন হলো, কোন গাছটি সবচেয়ে কার্যকরভাবে ঘরের বাতাস পরিষ্কার করতে পারে?
গাছ কীভাবে বাতাস পরিষ্কার করে?
গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে। তবে প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যিই ঘরের বাতাসের দূষণ কমাতে পারে? এই বিষয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছে।
নাসার গবেষণার ফলাফল
১৯৮৯ সালে নাসা একটি গবেষণা করে, যেখানে দেখা হয়েছিল গাছ কোনো বদ্ধ পরিবেশে বাতাস পরিষ্কার করতে পারে কি না। পরীক্ষায় বিভিন্ন ইনডোর প্লান্ট ছোট সিল করা চেম্বারে রাখা হয়। সেই চেম্বারে কার্বন মনোক্সাইড, বেনজিন এবং ফরমালডিহাইডের মতো ক্ষতিকর গ্যাস ছিল, যা সাধারণ ঘরের বাতাসেও পাওয়া যায়।
গবেষণার ফলাফলে দেখা যায়, স্পাইডার প্লান্ট কার্বন মনোক্সাইড কমাতে অত্যন্ত কার্যকর ছিল। এটি ২৪ ঘণ্টার মধ্যে এই গ্যাস প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। অন্যদিকে, ফিলোডেনড্রন ফরমালডিহাইড দূর করতে সবচেয়ে ভালো কাজ করে। আর বেনজিন কমাতে সবচেয়ে কার্যকর ছিল জারবেরা ডেইজি।
বাস্তব পরিবেশে কার্যকারিতা
তবে নাসার এই পরীক্ষাগুলো খুব ছোট ও সম্পূর্ণ সিল করা পরিবেশে করা হয়েছিল, যা আমাদের বাস্তব ঘরের মতো নয়। বাস্তব ঘরে দরজা-জানালা দিয়ে বাতাস আদান-প্রদান হয়, তাই গাছের কার্যকারিতা অনেকাংশে কমে যায়। গবেষণা অনুযায়ী, বাস্তব পরিবেশে গাছ বাতাসের মান কিছুটা উন্নত করতে পারে, কিন্তু নাসার পরীক্ষার মতো এত বড় পরিবর্তন আনা সম্ভব নয়।
গাছ মূলত কিছু দূষণ কমাতে সাহায্য করে, ঘরের আর্দ্রতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। মন ভালো ও ইতিবাচক রাখতেও এটি সহায়ক। তবে ঘরের বাতাস সম্পূর্ণ পরিষ্কার করার জন্য শুধু গাছই যথেষ্ট নয়। ঘরের বাতাস পরিষ্কার রাখতে সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত জানালা খুলে বাতাস চলাচল নিশ্চিত করা এবং প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।
একনজরে সেরা তিনটি গাছ
১. স্পাইডার প্লান্ট
এই গাছের লম্বা পাতার ভেতর থেকে ছোট ছোট বেবি প্লান্ট ঝুলে থাকে। এগুলো ঘরের বাতাসে থাকা কিছু দূষণ কমাতে সাহায্য করে।
২. ফিলোডেনড্রন
এই গাছের হার্ট আকৃতির সবুজ পাতা রয়েছে। এটি খুব সহজেই ঘরের ভেতরে বাঁচে এবং ফরমালডিহাইড নামের ক্ষতিকর গ্যাস কমাতে সাহায্য করে।
৩. জারবেরা ডেইজি
এতে খুব উজ্জ্বল ও রঙিন ফুল ফোটে। ঘর সুন্দর দেখানোর পাশাপাশি কিছু বিষাক্ত উপাদান কমাতেও এটি সাহায্য করে। তবে এই গাছগুলোর বেঁচে থাকার জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন।



