সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান।
ঐতিহ্যবাহী আয়োজন
ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এই আয়োজন দীর্ঘদিনের একটি ঐতিহ্য। প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মোনাজাত ও দোয়া
গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়।
প্রশাসকের বক্তব্য
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি।
উপস্থিত কর্মকর্তারা
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।



