কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর বিজ্ঞান কল্পকাহিনির বিষয় নয়। বাস্তব জীবনে এর প্রভাব দিন দিন বাড়ছে। সকালে কাজ শুরু করলেই দেখা যায়, এআই আমাদের হয়ে নানা কাজ করে দিচ্ছে। তাই ফ্রিল্যান্সারদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়: আমার কাজ কি এআই নিয়ে নেবে? সত্যি বলতে, এই প্রশ্ন এড়ানো সম্ভব নয়। পরিবর্তনকে স্বীকার করে নেওয়াই ভালো।
কাজের ধরন বদলাচ্ছে
আগে একটি সাধারণ ব্লগ পোস্ট লিখতে বা ছোট নকশা তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। এখন এআই টুল কয়েক মিনিটেই খসড়া তৈরি করে দিতে পারে। এটি অস্বীকার করার উপায় নেই। ফলে যারা শুধু সাধারণ কাজ—যেমন লেখা, ছবি সম্পাদনা বা সহজ ডেটা এন্ট্রি—করতেন, তাদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে আসছে।
কর্মী নিয়োগে পরিবর্তন
একটি প্রতিষ্ঠান আগে যে কাজের জন্য ১০ জন কর্মী নিয়োগ দিত, এখন হয়তো ২-৩ জন দিয়েই কাজ চালানো যাচ্ছে। বাকি কাজ এআই করছে। কিন্তু এর মানে কি মানুষের প্রয়োজন ফুরিয়েছে? মোটেই না। বরং উদ্যোক্তারা এখন শুধু একটি কাজ জানা নয়, পুরো ব্যবসা সম্পর্কে ধারণা রাখেন এমন কর্মী খুঁজছেন।
উদ্যোক্তার চাহিদা
একজন উদ্যোক্তা সারা দিন বিক্রি, অপারেশন, পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকেন। তার প্রয়োজন এমন একজন যে বিপণন, তথ্য বিশ্লেষণ, বিজ্ঞাপন পরিচালনা এবং এআই টুল ব্যবহার করে ব্যবসা এগিয়ে নিতে পারে। চাহিদা শেষ হয়নি, শুধু ধরন পাল্টেছে।
বিশ্বব্যাপী চাকরির বাজার
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ চাকরি পরিবর্তন হবে বা হারিয়ে যাবে। তবে একই সময়ে প্রায় ১৭ কোটি নতুন কাজের সুযোগ তৈরি হবে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৭ কোটি ৮০ লাখ নতুন কাজ যোগ হবে বিশ্বে।
এআই-এর সীমাবদ্ধতা
বিশেষজ্ঞদের মতে, এআই পুনরাবৃত্তিমূলক কাজ দখল নিতে পারলেও কিছু কাজ এখনো মানুষের দখলে। যেমন সমস্যার সমাধান, ক্লায়েন্টের মনের কথা বোঝা, কার্যকর কৌশল তৈরি এবং সৃজনশীল পরিকল্পনা—এগুলো এআই সহজে করতে পারে না।
ফ্রিল্যান্সিংয়ে নতুন চাহিদা
ফ্রিল্যান্সিং মার্কেটে এখন ক্লায়েন্টরা শুধু ‘টুল চালানো’ কর্মী চান না। তারা চান এমন কেউ যে এআই ব্যবহার করে ব্যবসা দ্রুত ও লাভজনকভাবে এগিয়ে নিতে পারে। যেমন একজন ডিজিটাল বিপণনকর্মী এআই দিয়ে বাজার বিশ্লেষণ করে নিজের মেধা কাজে লাগান। অথবা গ্রাফিক ডিজাইনার এআই থেকে প্রাথমিক ধারণা নিয়ে পেশাদার কাজ করেন। এআই এখানে প্রতিপক্ষ নয়, বরং একটি হাতিয়ার।
বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ
ডিজিটাল বিপণন, এআই টুল, সাইবার নিরাপত্তা, তথ্য বিশ্লেষণ, সফটওয়্যার উন্নয়ন—এসব দক্ষতার চাহিদা আগামী বছরগুলোতে দ্রুত বাড়বে। যারা এখন থেকে এআই শিখবেন, তারা বৈশ্বিক বাজারে এগিয়ে থাকবেন। ইতিহাস বলে, প্রযুক্তি সব সময় কাজের ধরন বদলালেও নতুন কাজ তৈরি করেছে। তাই এআইকে ভয় না পেয়ে বুঝে, শিখে, কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। এআই ফ্রিল্যান্সিংয়ের শেষ নয়, বরং যারা এআইকে সঙ্গী করতে পারবেন, তারাই ভবিষ্যতে সফল হবেন।
শামীম হুসাইন: স্কিলআপারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)



