নামাজের রাকাত সংখ্যায় সন্দেহ হলে করণীয়
নামাজের রাকাত সংখ্যায় সন্দেহ হলে করণীয়

নিয়মিত নামাজ পড়ুয়া অনেকেরই নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয়। কখনো কখনো রাকাত সংখ্যা ভুলে যাওয়াও অস্বাভাবিক নয়। যেমন, কেউ বুঝতে পারেন না যে তিনি তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত। এমতাবস্থায় নামাজ আদায়কারীর জন্য করণীয় কী? ইসলামী শরিয়তে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

প্রবল ধারণার ভিত্তিতে নামাজ পূর্ণ করা

যদি নামাজের কোনো রাকাত নিয়ে সন্দেহ হয়, তাহলে প্রথমে নিজের প্রবল ধারণার ওপর ভিত্তি করে বাকি নামাজ পূর্ণ করতে হবে। অর্থাৎ, যদি কারো মনে জোরালো ধারণা হয় যে তিনি নির্দিষ্ট সংখ্যক রাকাত পড়েছেন, তাহলে সেই ধারণা অনুযায়ী নামাজ সম্পন্ন করবেন।

কম সংখ্যা ধরে নামাজ পূর্ণ করা

আর যদি কোনো প্রবল ধারণা না থাকে, তাহলে কম সংখ্যাটি ধর্তব্য হবে। যেমন, কেউ যদি তিন বা চার রাকাতের মধ্যে সন্দেহে থাকে, তাহলে তিনি তিন রাকাত ধরে নামাজ পূর্ণ করবেন। প্রত্যেক রাকাতের পর বৈঠক করে তাশাহহুদ পড়তে হবে এবং শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাদিসের আলোকে নির্দেশনা

হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন: “তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয়, ফলে সে জানে না যে এক রাকাত পড়ল না কি দুই রাকাত, তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে। আর যদি দুই রাকাত পড়ল না তিন রাকাত, তা না জানে তাহলে যেন দুই রাকাত ধরে নামাজ পড়ে এবং (এসব ক্ষেত্রে) সালাম ফেরানোর পূর্বে দুটি সিজদা আদায় করে।” (অর্থাৎ সাহু সিজদা) (তিরমিজি ৩৯৮; আদ্দুররুল মুখতার ২/৯৩-৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; কিতাবুল আসল ১/১৯৮; বাদায়েউস সানায়ে ১/৪০৪; আলবাহরুর রায়েক ২/১১১)

সুতরাং, নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে উপরোক্ত নিয়ম অনুসরণ করে নামাজ সম্পন্ন করা উচিত। এতে নামাজ শুদ্ধ হবে এবং আল্লাহর কাছে কবুল হবে বলে আশা করা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ