আখাউড়ায় ঝড়ে পড়া গাছ কাটার পর আবার দাঁড়িয়ে গেছে, এলাকায় চাঞ্চল্য
আখাউড়ায় ঝড়ে পড়া গাছ কাটার পর আবার দাঁড়াল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে গেছে বলে দাবি করছেন এলাকার লোকজন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই একে অলৌকিক ঘটনা বলছেন। আবার এখানে অস্বাভাবিক কিছুই ঘটেনি বলে দাবি করছেন অনেকে।

ঘটনার বর্ণনা

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এক প্রচণ্ড ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা বড় আকারের একটি গাছ শিকড়সহ উপড়ে মাটিতে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়া গাছের ডালপালা ও বিভিন্ন অংশ কেটে ফেলেন।

স্থানীয়রা জানান, কাটার কাজ চলাকালীন সময়েই হঠাৎ গাছটির অবশিষ্ট অংশ আবার আগের স্থানে দাঁড়িয়ে যায়। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন গাছের একটি অংশ কিছুটা সামনের দিকে হেলে দাঁড়িয়ে রয়েছে। গাছটির গোড়ার অংশ ও শিকড়ের অংশ এখনও দৃশ্যমান। কেটে ফেলা অংশগুলো পাশে পড়ে রয়েছে। গাছে লাল কাপড় বাঁধা হয়েছে। চারপাশে নিশানা টানানো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের প্রতিক্রিয়া

এদিকে গাছটিকে ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের ওই গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা আবুল বাশার মুন্সী বলেন, প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। পরে বিক্রি করে দেওয়া হয়। কাটার পর আবার দাঁড়িয়ে যায়। এটি আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়।

এ বিষয়ে গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, কীভাবে এমন হয়েছে তা আল্লাহই ভালো জানেন। প্রতিদিন বহু মানুষ গাছটি দেখতে আসছেন। কেউ মানত করছেন, কেউ শিকড় নিয়ে যাচ্ছেন।

বৈজ্ঞানিক ব্যাখ্যা

তবে কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, ‘গাছটি ঝড়ে শিকড়সহ উল্টে পড়েছিল। ডালপালা কাটার পর ভারসাম্যের কারণে আবার দাঁড়িয়ে যায়। গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে পড়ে যাবে। এখানে জিন-ভূতের কিছু নেই। তবে মানুষ কৌতূহলবশত ভিড় করছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে গাছটি কীভাবে পুনরায় দাঁড়িয়ে গেল, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো সামনে আসেনি। স্থানীয়দের কাছে এটি এখন বিস্ময় ও কৌতূহলের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।