ইসলামে আকল ও ওহির সৃজনশীল সমন্বয়: জ্ঞানতাত্ত্বিক ভারসাম্য
ইসলামে আকল ও ওহির সৃজনশীল সমন্বয়: জ্ঞানতাত্ত্বিক ভারসাম্য

ছবি: ফ্রিপিক। ইসলামে ওহি ও বুদ্ধিবৃত্তির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে একটি জ্ঞানতাত্ত্বিক ভারসাম্য কাজ করে। আকল (বুদ্ধিবৃত্তি) ছাড়া নকল (বর্ণনা) অন্ধ অনুকরণে পরিণত হয়, আর নকল ছাড়া আকল সীমাহীন আপেক্ষিকতা ও বিভ্রান্তিতে পতিত হয়। ইসলামি সভ্যতার বড় বড় বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ও কাঠামোতে এই ভারসাম্য রক্ষার প্রচেষ্টা লক্ষ্যণীয়।

উসুলুল ফিকহ ও অন্যান্য শাস্ত্রীয় আয়তনে ভারসাম্য

উসুলুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, ইলমুল কালাম, নকদুল হাদিস, তাসাউফ, মাকাসিদে শরিয়াসহ শাস্ত্রীয় আয়তনে এর নমুনা বহুবিস্তৃত। ইসলামি জ্ঞানতত্ত্বের ইতিহাস মূলত আকল ও নকলের সৃজনশীল সমন্বয়ের ইতিহাস।

আকলের কাজ ওহির উদ্দেশ্য বোঝাতে সাহায্য করা

আকলের কাজ ওহির উদ্দেশ্য, হিকমাহ ও প্রয়োগ বুঝতে সাহায্য করা। যেমন, কোরআন ন্যায়বিচারের আদেশ দেয়। কিন্তু কোন সামাজিক কাঠামোতে কীভাবে ন্যায় প্রতিষ্ঠিত হবে, তা বুঝতে আকলের প্রয়োজন। কোরআন সুদ নিষিদ্ধ করে। কিন্তু আধুনিক অর্থনীতির জটিল কাঠামোয় সুদের রূপ শনাক্ত করতে বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ প্রয়োজন। কোরআন মানবমর্যাদার কথা বলে। কিন্তু প্রযুক্তি, বায়োপলিটিক্স বা ডিজিটাল নজরদারির যুগে সেই মর্যাদার সুরক্ষা কীভাবে হবে, তা উদঘাটনে আকল অপরিহার্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসলামি জ্ঞানতত্ত্বে ইজতিহাদের কেন্দ্রীয় ভূমিকা

যে আকল ওহির সত্যতা চিনতে পারে, ওহি কখনো সেই আকলকে ধ্বংস করতে চাইবে না। কারণ কোনো জ্ঞানব্যবস্থা নিজের ভিত্তিকে ধ্বংস করে টিকে থাকতে পারে না। এই কারণে ইসলামি জ্ঞানতত্ত্বে ইজতিহাদ একটি কেন্দ্রীয় বিষয়। ইজতেহাদ হচ্ছে, ওহির নির্দেশনাকে পরিবর্তিত বাস্তবতায় যথাযথভাবে অনুধাবন করা। এখানে আকল হলো ব্যাখ্যাকারী শক্তি, আর নকল হলো দিকনির্দেশনামূলক ভিত্তি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আকল বাস্তবতাকে পড়ে, নকল চূড়ান্ত মূল্যবোধ নির্ধারণ করে। আকল উপায় নির্ধারণ করে, নকল উদ্দেশ্য নির্ধারণ করে। আকল ইতিহাস বিশ্লেষণ করে, নকল ইতিহাসের নৈতিক অর্থ নির্ধারণ করে।

পাশ্চাত্য ও ইসলামি জ্ঞানতত্ত্বের পার্থক্য

পাশ্চাত্যের আধুনিক জ্ঞানতত্ত্বে রিজন ও রিলিজিয়ন দ্বন্দ্বমুখর। কারণ সেখানে চার্চীয় কর্তৃত্ব বহু সময় জ্ঞানচর্চাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু ইসলামি ঐতিহ্যে ওহি ও বুদ্ধিবৃত্তির সম্পর্ক মৌলিকভাবে ভিন্ন। জ্ঞানকে এখানে বিভক্ত বাস্তবতা হিসেবে দেখা হয়নি; বরং জ্ঞান হলো তাওহিদের আলোকবাহী সমন্বিত সত্য।

ইমানের সূচনাবিন্দুতে আকলের ভূমিকা

ইসলামে ইমানের সূচনাবিন্দুতেও কাজ করে আকল। আল্লাহর অস্তিত্ব, তাওহিদ এবং নবুয়তের সত্যতা প্রথমে সাধারণত বুদ্ধিবৃত্তিক উপলব্ধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। মানুষ যখন মহাবিশ্বের নিয়ম, সামঞ্জস্য, গাণিতিক বিন্যাস ও কারণ-কার্য সম্পর্ক পর্যবেক্ষণ করে, তখন তার সামনে স্রষ্টার সত্য উন্মোচিত হয়।

একইভাবে নবুয়তের সত্যতাও কেবল আবেগের বিষয় নয়। রাসুলের সত্যতা সমাজে প্রতিষ্ঠিত হয় মোজেজার মাধ্যমে, আর মোজেজা নিজেই এক বুদ্ধিবৃত্তিক প্রমাণ। ইসলামের সবচেয়ে বড় মোজেজা কোরআন; যা মূলত একটি ‘আকলিয়া বয়ানিয়া মুʿজিযা’; অর্থাৎ ভাষা, অর্থ, যুক্তি ও বোধের স্তরে কার্যকর একটি চ্যালেঞ্জ।

এখানে স্পষ্ট হয় ইসলামের জ্ঞানতাত্ত্বিক সৌন্দর্য। যে আকল ওহির সত্যতা চিনতে পারে, ওহি কখনো সেই আকলকে ধ্বংস করতে চাইবে না। কারণ কোনো জ্ঞানব্যবস্থা নিজের ভিত্তিকে ধ্বংস করে টিকে থাকতে পারে না। ইসলামে আকল ও নকলের সম্পর্ক তাই গভীর স্তরে প্রোথিত।

প্রাথমিক যুগের ভারসাম্য

ইসলামের প্রাথমিক যুগে এই ভারসাম্য তুলনামূলকভাবে সুসংহত ছিল। ইমাম আবু হানিফা (রহ.) কিয়াস, ইস্তিহসান ও রায় ব্যবহার করেছেন। ইমাম শাফেয়ি (রহ.) আল-রিসালাহ গ্রন্থে নকলের কর্তৃত্ব সুসংহত করলেও যুক্তির প্রয়োজন অস্বীকার করেননি। মালিক ইবনে আনাস (রহ.) মদিনাবাসীর আমলকে জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করেন। যা বিশেষায়িত ইতিহাস ও সামাজিক অভিজ্ঞতার গুরুত্বকে স্বীকার করে।

এমনকি আহলুল হাদিসের অনেক ইমামও ফিকহুল হাদিসের মাধ্যমে গভীর বিশ্লেষণী পদ্ধতি অনুসরণ করেছেন। অর্থাৎ, ধ্রুপদী জ্ঞান ঐতিহ্যে আকল নকলের প্রতিদ্বন্দ্বী ছিল না; বরং তার ব্যাখ্যাকারী ছিল, খাদেম ছিল।

মুতাজিলা ও আক্ষরিকতাবাদী ধারার দ্বন্দ্ব

কিন্তু মুসলিম সভ্যতার রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসে ধীরে ধীরে দ্বন্দ্বের সূচনা হয়। একদিকে ছিল মুতাজিলা চিন্তাধারা। যারা বহু ক্ষেত্রে আকলকে নকলের বিচারক হিসেবে দাঁড় করায়। তাদের মতে, ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, এমনকি আল্লাহর কিছু গুণাবলিকেও মানব-আকল স্বাধীনভাবে নির্ণয় করতে পারে। ফলে তারা বহু আয়াত ও হাদিসকে ব্যাখ্যা করে তাদের পূর্বনির্ধারিত যুক্তির আলোকে।

অন্যদিকে কিছু আক্ষরিকতাবাদী ধারা আকলের ভূমিকাকে প্রায় অপ্রয়োজনীয় মনে করেছিল। ফলে মুসলিম বুদ্ধিবৃত্তি দুই প্রান্তিকতার মুখোমুখি হয়—একদিকে লাগামহীন র্যাশনালিজম, অন্যদিকে চিন্তাশূন্য অক্ষরবাদ।

ইমাম গাজালির পুনঃসমন্বয়

এই সংকটের মধ্যে ইমাম গাজালি (রহ.) এক গুরুত্বপূর্ণ পুনঃসমন্বয়ের চেষ্টা করেন। তিনি দেখিয়েছেন, মানুষের বুদ্ধি সীমাবদ্ধ হলেও তা অকার্যকর নয়। আকল মানুষকে সত্যের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু ওহির আলো ছাড়া তা পূর্ণতা পায় না। তিনি দর্শনের সীমাবদ্ধতার সমালোচনা করেন, কিন্তু আকলকে বাতিল করেন না। তাঁর বিখ্যাত রূপক হলো, আকল যেন চোখ, আর ওহি যেন সূর্যের আলো। চোখ থাকলেও আলো ছাড়া দেখা যায় না। আবার আলো থাকলেও অন্ধ চোখ উপকৃত হতে পারে না।

আকলের সীমা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যায় ইমাম গাজালির পূর্বসূরী ছিলেন ইমাম জুয়াইনি, ইমাম কুশাইরি, ইমাম বাকিল্লানি, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরি প্রমুখ। ফখরুদ্দিন রাজি এই ব্যাখ্যাকে আরো সংহত করেন। ইবনে খালদুন সামাজিক বিজ্ঞান সমূহের তত্ত্ব গঠন করেন। ইবনে রুশদ যুক্তির পক্ষে প্রতিরক্ষা দাঁড় করান। শাহ ওয়ালিউল্লাহ ওহি ও বাস্তবতার সম্পর্ককে সামাজিক দর্শনের ভেতরে পুনর্ব্যাখ্যা করেন।

আশআরি ও মাতুরিদি চিন্তাধারার মধ্যপন্থা

আশআরি ও মাতুরিদি চিন্তাধারা এই মধ্যপন্থাকে মূলধারায় প্রতিষ্ঠিত করে। তাদের দৃষ্টিতে আকল ও নকলের প্রকৃত সংঘাত সম্ভব নয়; কারণ উভয়ের উৎসই আল্লাহ। সত্য ওহি এবং বিশুদ্ধ আকল পরস্পরকে বাতিল করে না। যদি কোথাও সংঘাত দেখা যায়, তবে হয় পাঠের ব্যাখ্যায় ত্রুটি আছে, নয়তো যুক্তির প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে। এই ধারণাই পরে ইসলামি উসুলবিদ্যা ও কালামের অন্যতম মৌলিক ভিত্তি হয়ে ওঠে।

উসুলে ফিকহে আকল ও নকলের সমন্বয়

ইসলামি জ্ঞানতত্ত্বে কার্যকর সমন্বয়ের নমুনা উসুলে ফিকহ। এখানে কোরআন-সুন্নাহ মূল উৎস, কিন্তু কিয়াস, ইস্তিহসান, মাসলাহা, উরফ এবং মাকাসিদে শরিয়া—সবই আকলনির্ভর বিশ্লেষণী পদ্ধতি। একজন মুজতাহিদ শুধু টেক্সট উদ্ধৃত করেন না; বরং টেক্সটের অন্তর্নিহিত কারণ (ইল্লত), উদ্দেশ্য (মাকসাদ) এবং বাস্তব প্রভাব বিশ্লেষণ করেন।

কিয়াসের ক্ষেত্রে দেখা যায়, একটি মূল বিধানের অন্তর্নিহিত কারণ নির্ণয় করে তাকে নতুন বাস্তবতায় প্রয়োগ করা হয়। এখানে আকলের সক্রিয় ব্যবহার ছাড়া শরিয়া স্থবির হয়ে যেত। আবার এই আকল লাগামহীনও নয়; কারণ তা ওহির নৈতিক ও তাত্ত্বিক সীমার মধ্যে পরিচালিত হয়। ফলে উসুলে ফিকহ মূলত আকল ও নকলের মধ্যে এক পদ্ধতিগত সেতুবন্ধন।

ফিকহুল মাকাসিদ ও ফিকহুস সুনান

পরবর্তীকালে ফিকহুল মাকাসিদ ও ফিকহুস সুনান ইসলামি জ্ঞানতত্ত্বে এই ভারসাম্যকে আরও গভীর করে। ইমাম শাতেবি দেখিয়েছেন, শরিয়ার উদ্দেশ্য কেবল আক্ষরিক বিধান নয়; বরং মানুষের ধর্ম, জীবন, বুদ্ধি, বংশ ও সম্পদের সুরক্ষাও। শাহ ওয়ালিউল্লাহ দেহলবি ইতিহাস, সমাজ, রাজনীতি ও মানবপ্রকৃতির পরিবর্তনকে শরিয়া বোঝার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখেছেন। অর্থাৎ, ইসলামি তুরাসের পরিণত ধারাগুলো কখনো “টেক্সট বনাম যুক্তি”র সরল দ্বন্দ্বে আবদ্ধ ছিল না।

মাহালাতুল উকুল ও মুহাইরাতুল উকুল

ইসলামি জ্ঞানতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করা হয়েছে—মাহালাতুল উকুল এবং মুহাইরাতুল উকুল–এর মধ্যে। প্রথমটি এমন বিষয়, যা আকলের দৃষ্টিতে সম্পূর্ণ অসম্ভব। যেমন একই বস্তু একই অর্থে একই সঙ্গে থাকা এবং না-থাকা। শরিয়ত কখনো এমন কিছু শিক্ষা দেয় না যা সুস্পষ্ট যুক্তির পরিপন্থী। কিন্তু মুহাইরাতুল উকুল হলো এমন বাস্তবতা, যা আকলকে বিস্মিত করে, যার পূর্ণ গভীরতা মানুষের উপলব্ধির বাইরে, কিন্তু যা অসম্ভব নয়। যেমন আখিরাত, ফেরেশতা, তাকদির বা আল্লাহর সিফাতের প্রকৃতি। এখানে আকল থেমে যায়, কিন্তু ওহি মানুষকে পথ দেখায়।

আধুনিক যুগের সংকট

মুসলিম সমাজের একটি বড় সংকট হলো, বিপুল মাত্রায় লোকেরা তথ্যকে জ্ঞান মনে করছে, আর বিতর্ককে মনে করছে চিন্তা। যুক্তির হাত ধরে ওহি থেকে পালাচ্ছে। ওহিকে দেখছে বাস্তবতা থেকে বিমুখ থাকার আশ্রয় হিসেবে। ফলে মুসলিম উম্মাহ একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক বিশৃঙ্খলা ও আধ্যাত্মিক দুর্বলতায় আক্রান্ত।

ইবনে রুশদ এই সম্পর্ককে অত্যন্ত গভীরভাবে প্রকাশ করেছিলেন তাঁর বিখ্যাত উক্তিতে, আল হাক্কু লা ইয়াযাদুল হাক্কা। অর্থাৎ, সত্য কখনো সত্যের বিরোধিতা করে না। যদি সহিহ ওহি এবং সুস্থ যুক্তির মধ্যে সংঘর্ষ দেখা যায়, তবে সমস্যা হয় হয় যুক্তির প্রয়োগে, নয়তো পাঠের বোঝাপড়ায়। কারণ আল্লাহই আকলের স্রষ্টা, আবার তিনিই ওহির প্রেরক।

ইসলামি সভ্যতার ইতিহাসে দর্শন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, ভাষাতত্ত্ব ও ইতিহাসচর্চার বিকাশ এই সমন্বিত মানসিকতারই ফল। বাগদাদ, কর্ডোভা, নিশাপুর, বোখারা, কায়রো, দামেশকের মতো জ্ঞানকেন্দ্রগুলো জগতকে আল্লাহর আয়াত হিসেবে বোঝার প্রচেষ্টায় ছিল।

কিন্তু আধুনিক যুগে উপনিবেশবাদ, সেক্যুলার শিক্ষা ও বস্তুবাদী আধিপত্য মুসলিম সমাজকে আবারো সংকটে ফেলে। একদল মনে করতে শুরু করে, ধর্মীয় ঐতিহ্য আধুনিক জ্ঞানের পথে বাধা। ফলে ওহিকে কেবল ব্যক্তিগত আধ্যাত্মিকতার স্তরে সীমাবদ্ধ করা হয়। অন্যদিকে প্রতিক্রিয়াস্বরূপ আরেকদল এমন এক আক্ষরিক ও প্রতিরক্ষামূলক নকলচর্চায় প্রবেশ করে, যেখানে ইতিহাস, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব ও সভ্যতার পরিবর্তন নিয়ে চিন্তা প্রায় অনুপস্থিত। ফলে একদিকে শিকড়হীন বুদ্ধিবাদ, অন্যদিকে চিন্তাশূন্য প্রতিক্রিয়াশীলতা।

উপসংহার: আকল ও ওহির সমন্বিত জ্ঞানদৃষ্টি

কোরআনের দৃষ্টিতে আকল ও ওহি মানুষের হেদায়েতের জন্য আল্লাহপ্রদত্ত নিয়ামত। আকল মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর ওহি তাকে দিকনির্দেশনা দেয়। আকল বাস্তবতাকে বিশ্লেষণ করে, আর ওহি বাস্তবতার নৈতিক অর্থ নির্ধারণ করে। আকল মানুষকে ক্ষমতা দেয়, আর ওহি তাকে দায়িত্ব শেখায়।

অতএব মুসলিম উম্মাহর পুনর্জাগরণের জন্য কেবল বুদ্ধিবৃত্তি কিংবা কেবল আক্ষরিকতার কোনোটিই যথেষ্ট নয়। প্রয়োজন এমন এক সমন্বিত জ্ঞানদৃষ্টি, যেখানে আকল হবে ওহির আলোকিত সহচর, আর নকল হবে জীবন্ত বাস্তবতায় কার্যকর হেদায়েত। ইসলামের প্রকৃত ঐতিহ্যে আকল ওহির সেবক, আর ওহি আকলের পথপ্রদর্শক।

মুসা আল হাফিজ: লেখক, গবেষক এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান