মানুষ তার জীবনে সফলতা, প্রশান্তি ও বরকত কামনা করে। কিন্তু বড় পরিকল্পনার পেছনে ছুটতে গিয়ে ছোট অথচ গুরুত্বপূর্ণ কিছু আমল আমরা প্রায়ই ভুলে যাই। অথচ ইসলামের শিক্ষা অনুযায়ী, নিয়মিত কিছু সহজ নেক আমল জীবনকে বদলে দিতে পারে, অন্তরে প্রশান্তি আনতে পারে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে।
বরকতময় জীবন শুধু সম্পদের প্রাচুর্য নয়, বরং সময়, কর্ম, পরিবার ও ইবাদতে আল্লাহর কল্যাণ লাভের নাম। নিচে পাঁচটি অভ্যাস উল্লেখ করা হলো যা একজন মুমিনের জীবনকে আলোকিত করতে পারে।
সময়মতো নামাজ আদায় করুন
নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এটি বান্দা ও আল্লাহর সম্পর্ক তৈরির মাধ্যম। সময়মতো নামাজ আদায়কারীর জীবনে শৃঙ্খলা ও প্রশান্তি আসে। আল্লাহ বলেন, 'নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।' (সুরা আন-নিসা: ১০৩) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন, 'সময়মতো নামাজ আদায় করা।' (বুখারি ৫২৭, মুসলিম ৮৫)
নিজের দৃষ্টি সংযত রাখুন
চোখ হৃদয়ের দরজা। অবাধ দৃষ্টি গুনাহ ও অশান্তির কারণ হয়। ইসলাম দৃষ্টি সংযত রাখার ওপর জোর দেয়। আল্লাহ বলেন, 'মুমিনদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।' (সুরা আন-নূর: ৩০) দৃষ্টি সংযম হৃদয় পবিত্র রাখে ও গুনাহ থেকে রক্ষা করে।
সকাল-সন্ধ্যার জিকিরকে জীবনের অংশ বানান
সকাল ও সন্ধ্যার জিকির আত্মিক সুরক্ষা। এটি মানুষকে আল্লাহর স্মরণে রাখে ও শয়তান থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, 'তুমি সকাল-সন্ধ্যায় বিনয় ও ভয়ের সঙ্গে তোমার রবকে স্মরণ কর।' (সুরা আল-আ'রাফ: ২০৫) রাসুল (সা.) নিয়মিত এই জিকির করতেন এবং সাহাবিদের শিক্ষা দিতেন।
নিজের জিহ্বা ও কথাবার্তা নিয়ন্ত্রণ করুন
অনেকে নামাজ-রোজা করে, কিন্তু জিহ্বার কারণে গুনাহে জড়ায়। ইসলাম কথায় সংযমকে ইমানের নিদর্শন বলে। রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ইমান রাখে, সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে।' (বুখারি ৬০১৮, মুসলিম ৪৭) সংযত ভাষা সম্মান বাড়ায় ও গুনাহ থেকে রক্ষা করে।
প্রতিদিন অন্তত ১০ মিনিট কুরআন তিলাওয়াত করুন
কুরআন মুমিনের হৃদয়ের খাদ্য ও হেদায়াতের উৎস। প্রতিদিন অল্প সময় কুরআন পড়া জরুরি। আল্লাহ বলেন, 'নিশ্চয় এই কুরআন সরল পথ দেখায়।' (সুরা আল-ইসরা: ৯) রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ে, তার জন্য একটি নেকি, আর তা দশগুণ বাড়ে।' (তিরমিজি ২৯১০) প্রতিদিন ১০ মিনিট কুরআন তিলাওয়াত হৃদয়কে জীবন্ত রাখে ও বরকত বাড়ায়।
বরকতময় জীবন গড়তে বড় পরিবর্তনের প্রয়োজন নেই। ছোট ছোট ধারাবাহিক আমলই জীবন বদলে দেয়। সময়মতো নামাজ, দৃষ্টি সংযম, সকাল-সন্ধ্যার জিকির, জিহ্বার হেফাজত ও নিয়মিত কুরআন তিলাওয়াত—এই পাঁচ অভ্যাস মুমিনকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, প্রশান্তি আনে ও সফলতার পথ দেখায়। আসুন, আজ থেকেই আমরা এগুলো জীবনের অংশ করি। কারণ আল্লাহর স্মরণে সিক্ত জীবনই প্রকৃত বরকতময় ও সফল।



