হাত-পায়ের অনিচ্ছাকৃত নড়াচড়া: বিজ্ঞান ও আধ্যাত্মিকতার ব্যাখ্যা
হাত-পায়ের অনিচ্ছাকৃত নড়াচড়া: বিজ্ঞান ও আধ্যাত্মিকতা

আমরা কি সত্যিই নিজের শরীরের পূর্ণ অধিপতি? যখন চায়ের পেয়ালা ধরতে গিয়ে ডান হাত বাড়াই, ঠিক তখনই বাম হাতটিও যেন অদৃশ্য এক টানে পেয়ালার দিকে এগিয়ে যায়—অবচেতনের গভীর থেকে, হিসেব-নিকেশের বাইরে। যেন শরীর নিজেই জানে, নিজেই সাড়া দেয়। এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে, শরীরের নিয়ন্ত্রণ সবসময় আমাদের হাতে থাকে না।

কোরআনের আয়াতে অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য

চৌদ্দশ বছর আগে পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছিলেন: ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব; তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করত সে বিষয়ে।’ (সূরা ইয়াসিন, ৩৬:৬৫) এই আয়াত মানুষের অঙ্গপ্রত্যঙ্গের স্বতন্ত্র কার্যক্ষমতা ও সাক্ষ্যদানের এক গভীর আধ্যাত্মিক ইঙ্গিত বহন করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নিজের হাত কীভাবে নিজের বিরুদ্ধে নীরবে সাক্ষ্য দেবে? আধ্যাত্মিক দৃষ্টিতে এটি বিচার দিবসের এক অনির্বচনীয় প্রতীক।

স্নায়ুবিজ্ঞানের বিস্ময়কর সত্য

আধুনিক স্নায়ুবিজ্ঞান আজ বিস্ময়কর কিছু সত্য সামনে আনছে। বিজ্ঞান বলছে, আমাদের দেহের সব নড়াচড়া সম্পূর্ণ সচেতন ইচ্ছার অধীনে পরিচালিত হয় না। বরং মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়বিক জালব্যবস্থায় কখনো কখনো ‘অনিচ্ছাকৃত আনুগত্য’ তৈরি হয়। নিউরোসায়েন্সে বর্ণিত এমনই একটি বিরল রোগ হলো কনজেনিটাল মিরর মুভমেন্ট ডিজঅর্ডার (Congenital Mirror Movement Disorder)। এটি একটি জিনগত স্নায়বিক সমস্যা। এ রোগে আক্রান্ত ব্যক্তি একটি হাত নড়ালে অন্য হাতটিও অজান্তেই একইভাবে নড়ে ওঠে, যেন এক হাত অপর হাতের আয়না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষণার ফলাফল

গবেষণায় দেখা গেছে, এই অবস্থার সঙ্গে RAD51 জিনের পরিব্যক্তির সম্পর্ক রয়েছে, যা মস্তিষ্কের দুই গোলার্ধের স্বাভাবিক সংকেত বিনিময়ে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তখন ডান হাতের জন্য নির্ধারিত স্নায়বিক সংকেত বাম হাতেও ছড়িয়ে পড়ে। ফলে কেউ চায়ের কাপ ধরতে গেলে অন্য হাতটিও অনিচ্ছাকৃতভাবে এগিয়ে আসে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যালিয়েন হ্যান্ড সিনড্রোম: হাতের বিদ্রোহ

শুধু একই ধরনের নড়াচড়াই নয়, আরও কিছু বিরল স্নায়বিক অবস্থায় আপনার হাত বা পা আপনার ইচ্ছার বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন আচরণও করতে পারে। এর একটি উদাহরণ হলো অ্যালিয়েন হ্যান্ড সিনড্রোম (Alien Hand Syndrome)। এ অবস্থায় রোগীর হাত যেন নিজের ইচ্ছামতো কাজ করতে শুরু করে—কখনো জামার বোতাম খুলে ফেলে, কখনো নিজের মুখে চড় বা ঘুষিও মেরে বসে।

ধরুন, আপনি নিরিবিলি পরিবেশে ঝিরিঝিরি বাতাসে হাঁটছেন। দূর থেকে ভেসে আসছে সুমধুর গান, ‘বসন্ত এসে গেছে...’। ঠিক এমন সময় হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়াই আপনার বাম হাত আপনার নাক বরাবর কষিয়ে দিল এক ঘুষি! আপনি হতভম্ব হয়ে হাতের দিকে তাকালেন, হাত নির্বিকার। চারপাশে তাকালেন, সব স্বাভাবিক। শুধু আপনার নাক আর চোখের পানি জানিয়ে দিচ্ছে, আপনার শরীরে বসন্ত নয়, এসে গেছে ‘জলবসন্তের ব্যথা’!

এই অবস্থায় রোগীরা অসহায় ভঙ্গিতে প্রায়ই বলেন, ‘আমি করিনি, হাত নিজেই এসব আকাম করছে!’ যেন দেহের একটি অংশ আলাদা সত্তায় পরিণত হয়েছে, যার নিজস্ব ইচ্ছা ও আচরণ রয়েছে।

মানব মস্তিষ্ক: সৃষ্টিকর্তার এক রহস্যময় সৃষ্টি

মানব মস্তিষ্ক নিজেই এক বিস্ময়কর সৃষ্টি। এটি নাক বরাবর প্রায় সমান দুই ভাগে বিভক্ত; ডান গোলার্ধ নিয়ন্ত্রণ করে শরীরের বাম পাশকে, আর বাম গোলার্ধ নিয়ন্ত্রণ করে ডান পাশকে। এই ‘কন্ট্রা-ল্যাটারাল’ বিন্যাস আজও বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর, কারণ সাধারণ যুক্তিতে একই পাশের নিয়ন্ত্রণই সহজতর মনে হতে পারে। অথচ সৃষ্টির ভেতরে যেন এক গভীর নকশা ও সূক্ষ্ম ভারসাম্য লুকিয়ে আছে।

উপসংহার: বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন

পরিশেষে, এই রহস্যময় স্নায়বিক ঘটনাগুলো আমাদের একটি গভীর সত্যের সামনে দাঁড় করায়: মানুষ নিজের শরীরের ওপরও সবসময় পূর্ণ নিয়ন্ত্রণ রাখে না। প্রতিটি অনিচ্ছাকৃত নড়াচড়া, প্রতিটি ‘মিরর মুভমেন্ট’ যেন নীরব এক ইঙ্গিত, যা আমাদের সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। বিজ্ঞান যেখানে এখনো বলে, ‘সবকিছুর পূর্ণ ব্যাখ্যা আমাদের জানা হয়নি,’ আধ্যাত্মিকতা সেখানে মানুষের সামনে বিনয়ের এক নতুন দরজা খুলে দেয়। মানব মস্তিষ্কের এই জটিল ও সূক্ষ্ম বিন্যাসের পূর্ণ জ্ঞান নিঃসন্দেহে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছেই বিদ্যমান, যাকে পৃথিবীর বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ ভিন্ন ভিন্ন নামে স্মরণ করেন।

লেখক: সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি, সিলেট মেডিকেল কলেজ।