‘গোল্ডেন’ গায়িকা ইজে বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছেন। অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টারস’–এ ‘গোল্ডেন’ গানটি গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। এর মধ্যে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে চমকে দিয়েছেন ইজে। ইজেকে ঘিরে তুমুল আলোচনার মধ্যে এবার বিয়ের খবর সামনে এল।
নভেম্বরে বিয়ে
আগামী নভেম্বরে বিয়েটা সারছেন ইজে, এর মধ্যে বাগদানও সেরেছেন। বাগদত্ত স্যাম কিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের মঞ্চে গেয়েছেন ইজে, সেদিন তাঁর সঙ্গে স্যাম কিমও ছিলেন।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট
ইজে বুধবার ইনস্টাগ্রামে এস্তাদিও আজতেকায় তোলা কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।’ এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, দুজন একে অপরের গালে গাল লাগিয়ে দাঁড়িয়ে আছেন। রোমান্টিক ছবিটি নিয়ে আলোচনা করছেন অনুরাগীরা।
বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স
বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে এস্তাদিও আজতেকায় মঞ্চে ওঠেন ইজে। সেখানে তিনি ইতালীয় টেনর গায়ক আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে ‘ডিএনএ’ পরিবেশন করেন। গানটির রেকর্ডেড সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। আর গানটির কোরীয় ভাষার অংশের কথা লিখেছেন ইজে।
স্নিকার্স পরার কারণ
পারফরম্যান্সের সময় ড্রেস শুর বদলে স্নিকার্স পরার কারণেও আলোচনায় আসেন এই গায়িকা। জানা গেছে, স্টেডিয়ামের ঘাসের ক্ষতি কমাতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
কে-পপ ডেমন হান্টারস
নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’ ছবিতে রুমি চরিত্রের গানের কণ্ঠ দিয়েছেন ইজে। ছবিটির আলোচিত গান ‘গোল্ডেন’ গাওয়ার পাশাপাশি গানটির সহলেখক ও সহসুরকার ছিলেন।



