অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বাংলা ভাষাভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসর। শনিবার রাজধানীর চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। একই দিন থেকে শুরু হয়েছে নিবন্ধন, যা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
বিচারক ও অতিথিরা
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ভাষাবিদ অধ্যাপক মনসুর মুসা। উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, নাট্যজন ত্রপা মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর।
এবারের বিচারকমণ্ডলীতে থাকছেন অধ্যাপক তারিক মঞ্জুর, আনিসুল হক এবং ত্রপা মজুমদার।
পুরস্কার ও নিবন্ধন
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ১০ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি পাবেন। এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন ল্যাপটপ, বই এবং বইয়ের আলমারি।
সভাপতির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাঙালির জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে “ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ” সপ্তম বর্ষে পদার্পণ করছে। গত বছর সারা দেশ থেকে প্রায় দুই লাখ প্রতিযোগী নিবন্ধন করেছিল। এই সংখ্যাই প্রমাণ করে, আয়োজনটি মানুষের কতটা আপন হয়ে উঠেছে।’ তিনি জানান, ‘বাংলাবিদ’ থেকে উঠে আসা অনেক প্রতিযোগী বর্তমানে চ্যানেল আইসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যমের অনুষ্ঠানে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন। এটিই এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন।
আয়োজনের ইতিহাস
ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ‘“বাংলাবিদ”-এর সপ্তম বর্ষ নয়, দশম বর্ষ বলতে পারলে আমি আরও বেশি খুশি হতাম। ২০১৭ সালে এই আয়োজনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর এবং জাতীয় নির্বাচনের কারণে আরও এক বছর আয়োজন স্থগিত রাখতে হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলা ভাষাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান যে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে পরিণত হবে, তা আমরা শুরুতে কল্পনাও করিনি। কিন্তু আজ সেটাই বাস্তবতা। “ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ” এখন দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত রিয়েলিটি শো।’
নতুন আসর সম্পর্কে ওমর হান্নান জানান, সংবাদ সম্মেলনের দিন থেকেই নিবন্ধন শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। এরপর দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও কুমিল্লায় বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত ৮০ জন প্রতিযোগীকে নিয়ে ঢাকায় আয়োজন করা হবে স্টুডিও পর্ব, যা সম্প্রচার করবে চ্যানেল আই। এবারের ‘বাংলাবিদ’-এর মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি।
ওমর হান্নান এই আয়োজনের নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ মানুষ ইবনে হাসান খান ও তাহের শিপনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, ২০১৭ সাল থেকে তাঁরা নিরলস পরিশ্রমের মাধ্যমে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’কে আজকের অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিচারকদের মতামত
পরে প্রধান অতিথি অধ্যাপক মনসুর মুসা আনুষ্ঠানিকভাবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম আসরের উদ্বোধন ঘোষণা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজনের বিচারক লেখক ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘এই প্রতিযোগিতায় আমি বিচারক না থাকলেও বিন্দুমাত্র দ্বিধা ছাড়া বলতাম, বাংলাদেশের টেলিভিশনে যত অনুষ্ঠান হয়, তার মধ্যে এটি সবচেয়ে সুন্দর, প্রাণবন্ত এবং সবচেয়ে উপকারী আয়োজন।’
ত্রপা মজুমদার বলেন, ‘ভাষাকে কেন্দ্র করে একটি আয়োজনের জন্য মানুষের এত প্রতীক্ষা, এত উদ্দীপনা—এটাই “চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ”-এর সবচেয়ে বড় শক্তি ও সৌন্দর্য।’
অংশগ্রহণ ও সম্প্রচার
২০১৭ সাল থেকে আয়োজিত এ প্রতিযোগিতায় এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আটটি বিভাগীয় শহর ও কুমিল্লায় অডিশনের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা স্টুডিও পর্বে অংশ নেবে। মোট ২১ পর্বের অনুষ্ঠানটি সম্প্রচার করবে চ্যানেল আই।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত www.banglabid.com.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে। এ ছাড়া দেশের সব বিভাগ ও অঞ্চলের বিদ্যালয়ে প্রতিযোগিতার তথ্য পৌঁছে দেবেন ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর স্বেচ্ছাসেবীরা। বিস্তারিত তথ্য জানা যাবে জাতীয় দৈনিক, চ্যানেল আইয়ের পর্দা এবং ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে।



