সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য মুখোমুখি লড়াই
সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই

গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ২৮টি দল। আগামীকাল ভোরেই বাকি ৪টি জায়গা চূড়ান্ত হবে। এরপরই শুরু হবে নকআউটের বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার পথ কী রকম? কীভাবে ফাইনালে পৌঁছতে পারে দুই দল?

ব্রাজিলের পথ

শেষ ৩২-এ ব্রাজিল মুখোমুখি হবে এশিয়ান পরাশক্তি জাপানের। ২৯ জুন রাত ১১টায় হিউস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জাপানকে হারাতে পারলে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে আর্লিং হলান্ডের নরওয়ে, তবে নরওয়েকে আগে পার হতে হবে আইভেরিকোস্টের বাধা। শেষ ১৬-এর ম্যাচ হবে ৫ জুলাই রাত দুইটায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।

সবকিছু ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংল্যান্ডকেও পার হতে হবে শেষ ৩২ ও শেষ ১৬-এর বাধা। মায়ামিতে ১১ জুলাই রাত তিনটায় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ব্রাজিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর্জেন্টিনার পথ

ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার পথ কিছুটা সহজ। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দে। ৪ জুলাই ভোর চারটায় মায়ামিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ১৬-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে মিসর অথবা অস্ট্রেলিয়া। ৭ জুলাই রাত ১০টায় আটালান্টায় শেষ ১৬-এর খেলা।

সবকিছু ঠিকঠাক থাকলে কানসাসে ১২ জুলাই সকাল সাতটায় ২০২৬ বিশ্বকাপের ১০০তম ম্যাচ হবে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

সেমিফাইনালের সম্ভাবনা

যদি ব্রাজিল ও আর্জেন্টিনা সব পথ পাড়ি দিয়ে সেমিফাইনালে উঠতে পারে, তবে ১৫ জুলাই রাত একটায় আটালান্টায় বিশ্বকাপ সেমিফাইনালেই দেখা হবে দুই দলের। সেটির অপেক্ষাতেই আছে পুরো বিশ্ব। এখন দেখার অপেক্ষা, ব্রাজিল ও আর্জেন্টিনা এই পথ পাড়ি দিতে পারে কি না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ