বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী ও আম আদমি পার্টির (আপ) প্রভাবশালী নেতা রাঘব চাড্ডা ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক চুকিয়ে দল বদল করার এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ইনস্টাগ্রামে ভরাডুবি
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যসভার এই সদস্য বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইনস্টাগ্রামে তার ১০ লাখেরও বেশি অনুসারী কমে গেছে। পরিসংখ্যান বলছে, বিজেপিতে যোগদানের ঘোষণার সময় রাঘব চাড্ডার ইনস্টাগ্রাম অনুসারী ছিল ১৪.২ মিলিয়ন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২.৫ মিলিয়নে। অর্থাৎ, এ অল্প সময়ের মধ্যে প্রায় ১৭ লাখ অনুসারী তাকে ‘আনফলো’ করেছেন।
প্রতিক্রিয়া ও সমালোচনা
রাঘবের এ দল বদল নিয়ে আম আদমি পার্টির বিধায়ক ও মুখপাত্র সঞ্জীব ঝা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকরা তাকে আনফলো করতে শুরু করেছেন। কারণ তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাধারণ মানুষ তার এ সিদ্ধান্তকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি’।
সাত সাংসদের দলত্যাগ
উল্লেখ্য, রাঘব চাড্ডাসহ আম আদমি পার্টির সাতজন সংসদ সদস্য একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগের এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করছেন। অনেকে বলছেন, পরিণীতি চোপড়ার স্বামীর এমন রাজনৈতিক ভোলবদল তাদের হতাশ করেছে।



