টানা তিন দিন নাটকের আলোয় মুখর থাকবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে একের পর এক নাটক, পুতুলনাচ, তথ্যচিত্র, পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী—সব মিলিয়ে নাট্যপ্রেমীদের জন্য তৈরি হচ্ছে এক ভিন্ন সাংস্কৃতিক আয়োজন।
উদ্যোক্তা ও সময়সূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ আয়োজন। দেশের প্রখ্যাত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামেই উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রথম দিনের নাটক
২৯ জুন বিকেল পাঁচটায় নাট্যমেলার উদ্বোধন হবে। উদ্বোধনের পর সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত ‘উন্মাদ সাক্ষাৎকার’। ঋজু লক্ষ্মী অবরোধের নব-নাট্যরূপে নির্মিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল ও রিয়াদূস সালেহিন। একই দিন রাত আটটায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত ‘তৃষ্ণায়’। নাটকটির নির্দেশনায় রয়েছেন মেহেদী নূর, উজ্জয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।
দ্বিতীয় দিনের নাটক
উৎসবের দ্বিতীয় দিন ৩০ জুন সন্ধ্যা ছয়টায় মঞ্চে আসবে জিয়া হায়দারের ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। নাটকটির নির্দেশনা দিয়েছেন রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। রাত আটটায় মঞ্চস্থ হবে রুশ নাট্যকার ইয়ারোস্লাভা পুলিনোভিচের রচনা এবং সনজিত কুমার দের নব-নাট্যরূপে নির্মিত ‘আকাশ কেন ডাকে’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ তাসনিয়া অহনা।
শেষ দিনের নাটক
শেষ দিন ১ জুলাই সন্ধ্যা ছয়টায় দর্শকের সামনে আসবে আন্তন চেখভের কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। এরপর রাত আটটায় মঞ্চস্থ হবে নিকোলাই এরডম্যান রচিত ‘দ্য সুইসাইড’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। এই নাটক প্রদর্শনের মধ্য দিয়েই শেষ হবে তিন দিনের আয়োজন।
সমকালীন প্রদর্শনী ও বক্তব্য
নাটক প্রদর্শনের পাশাপাশি প্রতিদিন থাকবে পুতুলনাচ, তথ্যচিত্র প্রদর্শনী এবং নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। নাট্যমেলার আহ্বায়ক ও নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ বলেন, শিক্ষার্থী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সৃজনশীল বিনিময় এবং গবেষণাভিত্তিক নাট্যচর্চার নতুন ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন প্রজন্ম নাট্যচর্চায় আরও বেশি আগ্রহী হবে বলে তাঁরা আশা করছেন।
বিভাগীয় সভাপতি ফাহমিদা সুলতানা বলেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করবে এবং আগামীর নাট্যশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান
নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন। উদ্বোধন করবেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম। আর ১ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইস্রাফিল শাহীন।



