পাবনার সুজানগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা সাতদিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। শনিবার (৬ জুন) পর্যন্ত উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে ওই কলেজ শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে। প্রেমিকার অবস্থানের খবরে পলাতক রয়েছেন অভিযুক্ত তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা।
অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিচয়
তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়ার মালয়েশিয়া প্রবাসী শফি মোল্লার ছেলে। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী কলেজছাত্রী সুজানগর উপজেলার বোনকোলা কলেজে পড়াশোনা করেন।
প্রেমের সম্পর্ক ও বিয়ের আশ্বাস
ভুক্তভোগী জানান, প্রায় দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিপ্লব বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। তারা একসঙ্গে ঘুরতে যান এবং সময় কাটানোর ছবিসহ প্রয়োজনীয় সব প্রমাণ রয়েছে। এখন বিপ্লব বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। এতে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন তিনি।
ভুক্তভোগী বলেন, 'আমার সম্মান রক্ষার জন্য তার সঙ্গে বিয়ে ছাড়া আর কোনো পথ নেই।' বিপ্লব বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।
অভিযোগ ও আইনি পদক্ষেপ
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, 'আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে সর্বনাশ করেছে। এখন বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।'
স্থানীয় সমাজ সেবক সান্টু মোল্লা জানান, ছেলে-মেয়ে দুজনই তাদের গ্রামের। বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পরিবার ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে মীমাংসা বৈঠকের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এখন জানতে পারছেন ছেলে পলাতক রয়েছে।
বিপ্লবের মা বিউটি খাতুন জানান, তার ছেলে পলাতক থাকায় বাড়িতে অবস্থান করা মেয়েটিকে বাধ্য হয়ে খাবার এবং ঘরে থাকার ব্যবস্থা করেছেন। এছাড়া মেয়েটির পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে বলেও জানান তিনি।
পুলিশি তৎপরতা
এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



