নোরা ফাতেহী ও সঞ্জয় দেবের নতুন গান ‘চ্যাম্পিয়ান’ ২৯ জুন প্রকাশ
নোরা ফাতেহী ও সঞ্জয় দেবের ‘চ্যাম্পিয়ান’ ২৯ জুন প্রকাশ

‘চ্যাম্পিয়ান’ গানের ঘোষণা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান পরিবেশনের পর সঞ্জয় দেব ও নোরা ফাতেহী নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। ২৯ জুন প্রকাশিত হবে তাঁদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’। ডালাস থেকে শনিবার সকালে প্রথম আলোকে সঞ্জয় জানান, গানটি বিজয়, উদ্যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা দেবে।

গানের বিষয়বস্তু ও প্রস্তুতি

সঞ্জয় বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদ্যাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান” সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’ গানটির কথা লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় নিজেই। মাস দুয়েক ধরে গানের কাজ চলছিল। বিশ্বকাপের সময় মাথায় রেখেই প্রকাশের পরিকল্পনা।

শুটিংয়ের স্থান ও অভিজ্ঞতা

গানটির ভিডিও শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা, তবে শুটিং শেষ করেন এক দিনেই। সঞ্জয়ের মতে, জানজিবারের মনোমুগ্ধকর প্রকৃতি ও সমুদ্রঘেরা পরিবেশ গানটির দৃশ্যায়নে আলাদা মাত্রা যোগ করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রচারণা ও ভক্তদের আগ্রহ

‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। নোরা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই “চ্যাম্পিয়ান”-এর জন্য প্রস্তুত তো?’ তাঁর পোস্ট ভক্তদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঞ্জয়ের বিশ্বকাপ অভিজ্ঞতা

নতুন গান প্রকাশের পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের আমেজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সঞ্জয়। বাংলাদেশ সময় আজ সকাল আটটায় ডালাসের মাঠে বসে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ উপভোগ করার কথা তাঁর। এটি তাঁর তৃতীয়বার স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা। এর আগে কানাডা–বসনিয়া এবং স্পেন–সৌদি আরবের ম্যাচ সরাসরি দেখেছেন। তবে এবারের ম্যাচটি তাঁর কাছে আলাদা গুরুত্ব বহন করছে, কারণ প্রথমবারের মতো সরাসরি মাঠে বসে দেখতে যাচ্ছেন লিওনেল মেসিকে। সঞ্জয় বলেন, ‘মেসি একজন জীবন্ত কিংবদন্তি। তাঁর খেলা টেলিভিশনে বহুবার দেখেছি, কিন্তু মাঠে বসে তাঁকে দেখা একেবারেই ভিন্ন অনুভূতি। একজন ফুটবলপ্রেমী হিসেবে এটা আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে।’