১৫-২০ বছর পরের গল্পে ফিরছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল
১৫-২০ বছর পরের গল্পে ফিরছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল

বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত প্রকল্পটি নিয়ে নতুন ও দারুণ এক তথ্য প্রকাশ করেছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, এবারের গল্পটি আর কলেজের ক্যাম্পাস জীবনকে কেন্দ্র করে নয়; বরং চরিত্রগুলোর মধ্যবয়সের জীবন, দাম্পত্য ও সন্তানদের গল্পকে ঘিরে আবর্তিত হবে।

মধ্যবয়সের সংকট ও নতুন দায়িত্ব

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরানি নিশ্চিত করেন, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং শুটিং শুরুর আগে আরও অনেক কাজ বাকি রয়েছে। তিনি বলেন, ‘আমি এখনো চিত্রনাট্যটি নিয়ে কাজ করছি। এখনো অনেক কাজ বাকি। মূল গল্পটি গড়ে উঠেছে এই চরিত্রগুলোর ১৫ থেকে ২০ বছর পরের জীবনকে ঘিরে।’

হিরানি আরও স্পষ্ট করে জানান যে, ২০০৯ সালের ব্লকবাস্টার ছবিটির সেই পরিচিত ক্যাম্পাস পরিবেশ থেকে এবার গল্প অনেকটাই দূরে সরে যাবে। এবার ফোকাস করা হবে—র‌্যাঞ্চো, ফারহান এবং রাজু কীভাবে তাদের প্রাপ্তবয়স্ক জীবন, পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্বগুলো সামলাচ্ছেন তার ওপর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই নির্মাতা যোগ করেন, ‘এটি কোনো কলেজ বা ওই জাতীয় বিষয় নিয়ে নয়। তারা এখন বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তারা মূলত ‘মিড-লাইফ ক্রাইসিস’ বা মধ্যবয়সের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সুতরাং, আমাদের দেখতে হবে এরপর তাদের জীবনে কী ঘটে।’

শক্তিশালী সামাজিক বার্তা

পূর্বের সিনেমার মতোই এই সিক্যুয়েলেও একটি শক্তিশালী সামাজিক বার্তা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন হিরানি। সিনেমাটিতে কোনো সামাজিক বার্তা থাকছে কিনা—জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অবশ্যই! খুব বড় একটি বার্তা থাকবে।’

চলতি বছরের শুরুর দিকে অভিনেতা আমির খানও সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কাজ চলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, সিনেমার মূল ধারণা বা কনসেপ্টটি তিনি দেখেছেন এবং এটি তার কাছে বেশ সম্ভাবনাময় মনে হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আমির খানের মতে, গল্পটি মূল তিন বন্ধুকে প্রায় এক দশক পর আবার পর্দায় ফিরিয়ে আনবে। এটি মূলত কলেজ জীবনের গণ্ডি পেরিয়ে চরিত্রগুলোর ভেতরের পরিবর্তন ও বিবর্তনকে তুলে ধরবে, যেখানে কমেডির পাশাপাশি থাকবে গভীর আবেগ।

তবে হিরানি এবং আমির খান—উভয়েই পরিষ্কার করে বলেছেন যে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

২০০৯ সালের আইকনিক ছবি

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছবিটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়। হাস্যরস, আবেগঘন গল্প এবং শিক্ষাব্যবস্থার তীব্র প্রতিযোগিতার ওপর চাবুক মারা পরিচালকের নির্মাণশৈলী ছবিটিকে আইকনিক করে তুলেছিল। সূত্র: সামা টিভি।