আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পাওয়া যাবে না। যাদের করযোগ্য আয় নেই, তাদেরও এখন অগ্রিম করের টাকা ফেরত পেতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে।
শহর এলাকায় জমি-ফ্ল্যাট নামজারি করতে রিটার্ন বাধ্যতামূলক
শহর এলাকায় জমি-ফ্ল্যাট বণ্টন ও মিউটেশন করতে হলে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগবে। রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো ছাড়া জমি-ফ্ল্যাট বণ্টন ও মিউটেশন (নামজারি) করা যাবে না। সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি ও ফ্ল্যাটের মালিকদের জন্য এই শর্ত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগ
সুখবর হলো, আগামী বছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দেওয়া যাবে। আগে দিলে করছাড়ও মিলবে। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা (যা কম) ছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোনো প্রণোদনা নেই। জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা (যা বেশি) দিতে হবে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা (যা বেশি) দিতে হবে।
বিনিয়োগজনিত কর রেয়াত কমেছে
এবারের বাজেটে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা কমানো হয়েছে। সর্বোচ্চ কর রেয়াতের পরিমাণ আগে ১০ লাখ টাকা ছিল, এখন তা কমিয়ে সাড়ে সাত লাখ টাকা করা হয়েছে। বিনিয়োগের ১০ শতাংশ কর রেয়াতের জন্য হিসাব করা হবে।
সঞ্চয়পত্রের অগ্রিম কর ফেরত পেতে রিটার্ন জমা
সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর কেটে রাখা হয়, যা চূড়ান্ত কর দায় নয়। বছর শেষে তা সমন্বয় করা যাবে। বেশি কর কেটে রাখা হলে ফেরত পাওয়া যাবে। তবে ফেরত পেতে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। ছোট সঞ্চয়পত্রে বিনিয়োগকারী, যাদের করযোগ্য আয় নেই, তাদেরও টিআইএন নিয়ে রিটার্ন জমা দিতে হবে।
ইউপি চেয়ারম্যান হতেও রিটার্ন জমা
এখন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে বার্ষিক আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র (পিএসআর) দেখাতে হবে। রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো ছাড়া নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।
অন্যান্য সেবায় রিটার্নের প্রমাণপত্র
বর্তমানে ৩৯ ধরনের সেবায় রিটার্নের প্রমাণপত্র লাগে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন, আবাসিক গ্যাস-বিদ্যুৎ সংযোগ, ১০ লাখের বেশি সঞ্চয়পত্র কেনা, মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়ন, এবং হোটেল-রেস্টুরেন্টের লাইসেন্স গ্রহণ ও নবায়ন।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বাজেটে আয়কর রিটার্নের ক্ষেত্রে কিছু জায়গায় সহজ করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। তিনি আশঙ্কা করেন, মধ্যবিত্ত শ্রেণির সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের বাড়তি চাপে ফেলতে পারে এই পরিবর্তন। করদাতাদের যেন হয়রানির শিকার না হতে হয়, সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি।



