কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি অসংখ্য নামে-বেনামে লেখা চিঠি ও চিরকুট পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর মসজিদটির ১৩টি দানবাক্স খোলা হয়, যাতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়।
চিরকুটে হাদি হত্যার বিচার দাবি
দানবাক্স থেকে উদ্ধার হওয়া চিরকুটগুলোর মধ্যে একটি চিরকুটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করেছেন এক ব্যক্তি। চিরকুটে লেখা ছিল, ‘হাদি হত্যা বিচার চাই।’ এ ছাড়া আরেকটি চিঠিতে বাংলাদেশ ফুটবল দলকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে চেয়ে এক ফুটবলপ্রেমী আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। চিঠিতে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নতি, খেলোয়াড়দের সফলতা এবং বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন পূরণের জন্য দোয়া করেন।
দানবাক্স খোলার প্রক্রিয়া
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ উপস্থিত ছিলেন।
টাকা গণনা ও রেকর্ড
মসজিদের দ্বিতীয় তলায় দানের টাকা গণনার কাজ শুরু হয়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত গণনায় প্রায় ১০ কোটি টাকা পাওয়া যায়। বিরতির পর আবারও গণনার কাজ শুরু হয়েছে। গণনার সময় বিভিন্ন ব্যক্তি রেখে যাওয়া চিঠি ও চিরকুটও উদ্ধার করা হয়।



