অস্কারে এআই ব্যবহারে কঠোর নতুন নীতি, মানবিক অভিনয় ও লেখা বাধ্যতামূলক
অস্কারে এআই ব্যবহারে কঠোর নীতি, মানবিক অভিনয় ও লেখা বাধ্যতামূলক

চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণা করেছে আয়োজক সংস্থা দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। নতুন নিয়ম অনুযায়ী, এআই দিয়ে তৈরি অভিনয় বা চিত্রনাট্য আর অস্কারের জন্য যোগ্য বিবেচিত হবে না। শুক্রবার (১ মে) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের মুখে অস্কারের নীতিমালায় এই যুগান্তকারী পরিবর্তন আনে একাডেমিটি।

একাডেমি তাদের সংশোধিত যোগ্যতা নির্ধারণী শর্তাবলিতে উল্লেখ করেছে, অস্কারের জন্য মনোনীত হতে হলে অভিনয় অবশ্যই প্রমাণযোগ্যভাবে মানুষের মাধ্যমে সম্পাদিত হতে হবে। লেখা বা চিত্রনাট্য অবশ্যই মানুষকে রচনা করতে হবে। এআই-এর ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে তারা একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে। তবে একাডেমি চলচ্চিত্রে এআইয়ের সামগ্রিক ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। অর্থাৎ প্রযুক্তিগত সহায়তা হিসেবে নির্মাতারা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু মূল সৃজনশীল কাজ—অভিনয় ও লেখালেখিতে মানুষের অবদানই প্রধান বিবেচ্য হবে।

এআই ব্যবহারের প্রেক্ষাপট ও বিতর্ক

সাম্প্রতিক সময়ে মানুষের কাজকে প্রতিস্থাপন বা পুনর্নির্মাণে এআই টুল ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। গত বছর প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমারকে এআই প্রযুক্তির মাধ্যমে আবার একটি সিনেমার প্রধান চরিত্রে ফিরিয়ে আনা হয়েছিল। শুধু তাই নয়, যুক্তরাজ্যের অভিনেতা ও কমেডিয়ান এলাইন ভ্যান ডার ভেলডেন জানিয়েছেন, তিনি গ্লোবাল সুপারস্টার হওয়ার জন্য ইতিমধ্যে কৃত্রিম এআই অভিনেতা তৈরি করেছেন। এছাড়া অনেক নির্মাতা ও শিল্পী এআই ব্যবহার করে নতুন চরিত্র ও কনটেন্ট তৈরির চেষ্টা করছেন, যা চলচ্চিত্র শিল্পে নতুন বিতর্ক তৈরি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হলিউডের প্রতিক্রিয়া ও মামলা

এর আগে হলিউডে লেখক ও শিল্পীদের আন্দোলনেও চিত্রনাট্য তৈরিতে এআই ব্যবহারের বিরোধিতা উঠে আসে। হলিউডের অনেক স্টুডিও, অভিনেতা ও লেখক ইতিমধ্যে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। সেই প্রেক্ষাপটেও একাডেমির এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একাডেমির ভাষ্যমতে, বিভিন্ন টুল মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্যও করবে না, আবার ক্ষতির কারণও হবে না। একাডেমি ও এর প্রতিটি শাখা সৃজনশীলতার এই অর্জনকে বিচার করবে। পুরস্কার দেওয়ার সময় সৃজনশীল কাজের মূলে একজন মানুষের ভূমিকা কতটুকু ছিল, তা বিশ্লেষণ করা হবে। সূত্র: বিবিসি