কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা আলোচিত চলচ্চিত্র নাকফুলের কাব্য শেষ পর্যন্ত ঈদে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। অনিবার্য কারণবশত চলচ্চিত্রটি এবার ঈদের মুক্তির দৌড় থেকে সরে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ঈদে একসঙ্গে একাধিক চলচ্চিত্র মুক্তির প্রবণতা চলচ্চিত্র ব্যবসার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পেলে প্রদর্শনী ও দর্শক বিভাজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে মত সংশ্লিষ্টদের।
এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বাংলাট্রিবিউনকে বলেছিলেন, “ঈদকেন্দ্রিক চলচ্চিত্র মুক্তির এই দৌড় ও প্রবণতা প্রযোজকদের ঝুঁকির কারণ। আমরাও হয়তো লাভবান হতাম যদি ঈদ ছাড়াও ভালো ভালো ছবিগুলো আসত। সারা বছরই তখন ব্যবসা থাকতো, হলও চাঙা হতো। প্রযোজকদের বলবো, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে।”
আলোক হাসান পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরী। গ্রামীণ পটভূমির প্রেম ও আবেগের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকেই।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত ঈদে মুক্তির সম্ভাব্য বাকি সিনেমাগুলো: রকস্টার, মাসুদ রানা, রইদ, মালিক, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, পিনিক, তছনছ, বনলতা সেন।



