দৃশ্যম ৩-এর বক্স অফিসে ঝড়, তিন দিনে আয় ১০০ কোটি ছাড়ালো
দৃশ্যম ৩-এর বক্স অফিসে ঝড়, তিন দিনে আয় ১০০ কোটি ছাড়ালো

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ‘দৃশ্যম’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সিক্যুয়েলটিও প্রশংসিত হয় এবং হিন্দি রিমেক দুটিও ব্যবসায়িক সাফল্য পায়। ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে থাকা জর্জ, একজন সাধারণ কেবল ব্যবসায়ী, পরিবার বাঁচাতে তাঁর বুদ্ধির জন্য পরিচিত। এবার এসেছে ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। গত বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করেছে।

প্রথম তিন দিনের আয়

ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকা। এতে তিন দিনে দেশের বাজারে মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৪০ কোটি ৬০ লাখ টাকা। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় পৌঁছেছে ১১৭ কোটি ১৭ লাখ টাকা।

দর্শক উপস্থিতি

দর্শক উপস্থিতির দিক থেকেও শক্ত অবস্থানে রয়েছে ছবিটি। ভারতজুড়ে ৫ হাজার ১৮৫টি শোতে শনিবার গড়ে ৫০ দশমিক ২ শতাংশ আসন পূর্ণ ছিল। সবচেয়ে বেশি সাড়া মিলেছে মালয়ালম সংস্করণে, যেখানে গড় উপস্থিতি ছিল ৬৬ দশমিক ৫২ শতাংশ। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলো ছিল প্রায় হাউসফুল। সন্ধ্যার শোতে উপস্থিতি ছিল ৭৫ দশমিক ৪২ শতাংশ আর রাতের শোতে ৭২ দশমিক ৭৫ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচিতে রেকর্ড উপস্থিতি

ছবিটির সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে কেরলের কোচি শহর। সেখানে ২৩৮টি শোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৮৮ দশমিক ৩ শতাংশ।

মোহনলালের কৃতজ্ঞতা

ছবির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহনলাল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১৩ বছর ধরে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাস প্রতিদিন আমাদের বিনীত করে। “দৃশ্যম ৩” এখন সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্র্যাঞ্চাইজির ইতিহাস

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১৩ সালে। এরপর একে একে মুক্তি পায় দ্বিতীয় ও তৃতীয় কিস্তি। প্রতিবারই রহস্য, পারিবারিক আবেগ আর বুদ্ধিদীপ্ত গল্প বলার কারণে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে সিরিজটি। ২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসই বদলে দিয়েছিল। সাধারণ কেবল অপারেটর জর্জকুট্টি কীভাবে নিজের পরিবারকে বাঁচাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যান, সেই গল্প দর্শকদের এমনভাবে নাড়া দিয়েছিল যে সিনেমাটি পরে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়সহ বিভিন্ন ভাষায় রিমেক হয়। এমনকি চীন ও শ্রীলঙ্কায়ও তৈরি হয়েছে স্থানীয় সংস্করণ।

করোনা মহামারির সময়ে ওটিটিতে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। থিয়েটারে মুক্তি না পেলেও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। তাই তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। ‘দৃশ্যম ৩’ ছবিতে আবারও ফিরে এসেছে জর্জকুট্টির পরিবার। জর্জকুট্টির চরিত্রে আগের মতোই আছেন মোহনলাল। রানী জর্জের চরিত্রে মীনা, অঞ্জু চরিত্রে আনসিবা হাসান ও অনু চরিত্রে এস্থার অনিল।