বন্ধুসভায় প্রদর্শিত হলো রেদওয়ান রনির ‘দম’
বন্ধুসভায় প্রদর্শিত হলো রেদওয়ান রনির ‘দম’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্র ‘দম’। চলচ্চিত্র প্রদর্শনীর আগে কথা বলেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি এ সিনেমা নির্মাণের গল্পের সঙ্গে তুলে ধরেন নানা অজানা কথা। বন্ধুসভার এ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার সদস্যরা।

নির্মাতার বক্তব্য

রেদওয়ান রনি বলেন, ‘সিনেমা হলো মানুষের জীবনদর্শন প্রকাশের মাধ্যম। “দম” চলচ্চিত্রের মাধ্যমে আমি বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণশক্তি ও জয়ের গল্প বলতে চেয়েছি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেসব দেশে ছবিটি মুক্তি পেয়েছে, সবখানেই আমরা দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছি। এখানে উপস্থিত সবার কাছ থেকে গঠনমূলক সমালোচনা আশা করি।’

বন্ধুসভা নেতাদের বক্তব্য

বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে বন্ধুসভার পুরোনো সম্পর্কের কথা স্মরণ করিয়ে বলেন, ‘২০২২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ঢাকা বিভাগীয় বন্ধু সমাবেশ থেকে এই যাত্রার শুরু, পরবর্তী সময়ে ময়মনসিংহ এবং সর্বশেষ জাতীয় সমাবেশেও চরকি আমাদের পাশে ছিল। চরকিতে চমৎকার সব কনটেন্ট আছে, আশা করি বন্ধুরা সেসব দেখবেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি নূর-ই আলম তাঁর বক্তব্যে বন্ধুসভার লক্ষ্য ও নতুন কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, এখন থেকে প্রতি মাসে বন্ধুদের জন্য চরকির একটি করে কনটেন্ট বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে আরও ছিলেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। প্রদর্শনীতে ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার ১৫০ জন বন্ধু অংশ নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিভিউ কনটেস্টের ঘোষণা

প্রদর্শনীতে ‘দম’ চলচ্চিত্র নিয়ে একটি রিভিউ কনটেস্টেরও ঘোষণা দেওয়া হয়। সারা দেশের ১৪৬টি বন্ধুসভার লক্ষাধিক সদস্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজয়ী ১০ জনের জন্য থাকছে বিশেষ উপহার ও তারকাদের সঙ্গে আড্ডার সুযোগ।

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর ওটিটিতে মুক্তি পেয়েছে ‘দম’। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী।