রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে সাজেকের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনি সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা হলেও শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ঘটনার বিবরণ
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল পৌনে ছয়টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাঁকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।
সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক—দুটি দলই সক্রিয় রয়েছে।
ইউপিডিএফের প্রতিক্রিয়া
ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, 'নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।'
পুলিশের বক্তব্য
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন সকাল সাড়ে নয়টার দিকে বলেন, 'গুলিতে একজনকে হত্যার খবর এইমাত্র পেয়েছি। থানা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে।'



