প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের নবম দিনে সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদফতর থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে, যা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। তিনি আরও জানান, অভিবাসী কর্মী ও প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ ও সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।
সেবা সহজলভ্য করতে উদ্যোগ
সালাহ উদ্দিন আহমদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের আবেদন সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিটের (এমইকে) মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্ট সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে কুরিয়ার সেবা
পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



