পবিত্র কাবা তাওয়াফ করছেন হাজিরা। ছবি: এএফপি। নতুন মৌসুমে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
নতুন ওমরাহ মৌসুমের ভিসা শুরু
সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্ক’ এ তথ্য জানিয়েছে। এ বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব গতকাল সোমবার থেকে নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা দেওয়া শুরু করছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা প্রদান ও আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদি আরবে আগমন সোমবার (গতকাল) শুরু হচ্ছে, যা ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে।
নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি
এখন থেকে ওমরাহযাত্রীরা পবিত্র মক্কায় প্রবেশ করতে পারবেন এবং সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এ প্ল্যাটফর্ম পারমিট, বুকিং ও হজ-ওমরাহসংক্রান্ত সেবা দেওয়ার জন্য সৌদি আরবের একক ডিজিটাল সেবা-প্রবেশদ্বার হিসেবে কাজ করে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৮ হিজরি সনের ১ শাওয়াল, অর্থাৎ আগামী বছরের ৯ মার্চ হবে ওমরাহ ভিসা দেওয়ার শেষ দিন। ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময়সীমা ২৩ মার্চ ২০২৭। এ ছাড়া সব ওমরাহযাত্রীকে একই বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে।
ডিজিটাল রূপান্তর ও অবকাঠামো সম্প্রসারণ
সাম্প্রতিক বছরগুলোতে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সেবার ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে চালু করা হয়েছে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তিপ্রক্রিয়া ও কিউআর কোডভিত্তিক যাচাই ব্যবস্থা।
এ ছাড়া ‘ভিশন ২০৩০’–এর আওতায় আরও বেশিসংখ্যক হজ ও ওমরাহযাত্রীকে সেবা দিতে পরিবহন ও আতিথেয়তা খাতের অবকাঠামো সম্প্রসারণ করছে সৌদি আরব।
আরও পড়ুন: হজ ও ওমরাহর মাসআলা-মাসায়েল, ১৬ মে ২০২৫। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। মধ্যপ্রাচ্য থেকে আরও পড়ুন।



