যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় তেহরান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার (১০ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, 'ট্রাম্পকে খুশি করার জন্য ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না।' সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের আগের প্রস্তাব ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের মতে, ওয়াশিংটনের সেই প্রস্তাব ছিল ট্রাম্পের অযৌক্তিক দাবির কাছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার অপচেষ্টা।
'ট্রাম্পকে সন্তুষ্ট করতে ইরানে কোনো পরিকল্পনা তৈরি হয় না। আলোচকরা শুধু ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করেন। ট্রাম্প যদি এতে অসন্তুষ্ট হন, তাহলে সেটাই ভালো,' বলেছে সূত্রটি। সূত্রটি আরও অভিযোগ করে, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না। এ কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন।
এদিকে, পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতায় ইরান যে জবাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, 'আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।' বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও, যুদ্ধ শেষ করার আলোচনা সহজ করার উদ্দেশে শুরু হওয়া যুদ্ধবিরতি কার্যকরা আছে। সূত্র: আল জাজিরা



