তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। আজ রোববার শপথ গ্রহণের পরপরই তিনি প্রথম সরকারি আদেশে সই করেন। এই আদেশ অনুযায়ী, তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করবে।
নারী সুরক্ষায় বিশেষ বাহিনী
একই সঙ্গে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। এই বাহিনী নারী নির্যাতন ও অপরাধ প্রতিরোধে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
শপথ অনুষ্ঠান
আজ স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে শপথ পড়ান। এ সময় নতুন সরকারের ৯ মন্ত্রীও শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
জোট সরকার গঠনের পথে বাধা
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। গত শুক্রবার পর্যন্ত থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। এ কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।
কয়েকদিনের নাটকীয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসন নিশ্চিত করে জোট সরকার গড়েছে টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এ প্রথম কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল।



