যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় রয়েছে বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবন এই বাহিনী তাদের নিরাপত্তা দেয়। তবে বিশেষায়িত এই বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। সবশেষ শনিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা ঘটে। তিনি সুস্থ ও নিরাপদে আছেন।
চার প্রেসিডেন্ট যারা নিহত হয়েছেন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে চার প্রেসিডেন্ট হত্যার শিকার হয়েছেন। এছাড়া আরও অনেক প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছেন।
আব্রাহাম লিঙ্কন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্তহত্যার শিকার হন আব্রাহাম লিঙ্কন। ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়।
জেমস গারফিল্ড
১৮৮১ সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে তিনি নিহত না হলেও এক মাস পর আঘাতের প্রতিক্রিয়ায় নিউ জার্সিতে মারা যান।
উইলিয়াম ম্যাককিনলে
১৯০১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজলগোস নামের এক নৈরাজ্যবাদী তাকে হত্যা করেন। পরবর্তীতে এই হত্যাকারী বাফেলোতে অবস্থানকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
জন এফ কেনেডি
১৯৬৩ সালের নভেম্বরে ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হন। লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন।
অন্যান্য হত্যাচেষ্টা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় শুরু থেকেই প্রেসিডেন্টদের হত্যার ষড়যন্ত্র হয়ে আসছে। থিওডোর রুজভেল্ট ও ফ্রাঙ্কলিন রুজভেল্ট থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা দেখা গেছে।



