নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসত বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রোববার (১০ মে) ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড়ের গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের পরিচয় ও অবস্থা
দগ্ধরা হলেন, বাড়ির ভাড়াটে মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধ পাঁচজনেরই অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে মো. কালামের ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ ও কথার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।
ঘটনার বিবরণ
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটির নিচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটের রান্না ঘরের গ্যাস লাইনে লিকেজ ছিল। সেই লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে তা বদ্ধ কক্ষে জমে গ্যাস চেম্বারে পরিণত হয়। তিনি আরও বলেন, সকালে ওই ফ্ল্যাটের ভাড়াটে চুলা জ্বালানোর জন্য আগুন জ্বালাতেই মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করছি। ওই কক্ষ থেকে আমরা একটি গ্যাস লাইটার পেয়েছি।



