ঢাকা দক্ষিণ সিটিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই ঘোষণা দেন।

প্রথম ক্লিনিং ডে ৯ মে

এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হবে। সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলনকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই দিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচ্ছন্নতা কার্যক্রমের পরিধি

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ সিটি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদরাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে।

কীটনাশক প্রয়োগে পেশাদারিত্ব

এছাড়া, সভায় ডিএসসিসির মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি ও কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসকের বক্তব্য

সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না।’ তিনি উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।